এক বছরেও অভিযোগপত্র হয়নি, হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলায় একটি হত্যা মামলা তুলে নিতে আসামিপক্ষের লোকজন বাদীর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোনিয়া খাতুন (১৫) নামের ওই কিশোরীকে হত্যার ঘটনায় মামলা দায়েরের এক বছর পার হলেও তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেননি।
সোনিয়ার বাবা সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের ছিদ্দিক মোল্যা বলেন, ২০১২ সালে পাশের মাইজপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামের ইখলাস বিশ্বাসের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। স্বামী বিদেশে থাকায় সোনিয়া তাঁর (ছিদ্দিক) বাড়িতে থেকে লেখাপড়া করত। এদিকে বিয়ের পর থেকে স্থানীয় আল-মামুন (২৪) নামের এক তরুণ তাকে প্রেম নিবেদন ও কুপ্রস্তাব দিতে শুরু করেন। গত বছরের ১৬ মার্চ রাতে মামুন ও হান্নান সোনিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় ২ এপ্রিল গ্রামের এক সালিস বৈঠকে মামুন ও তাঁর সহযোগী একই গ্রামের হান্নান মোল্যা (২৮) দোষ স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান। পরে অপমান সইতে না পেরে ১৮ এপ্রিল সোনিয়া আত্মহত্যা করে।
ঘটনার পরদিন সোনিয়ার বাবা ছিদ্দিক মোল্যা বাদী হয়ে আল-মামুন, হান্নান, মামুনের বাবা খয়বার মোল্যা ও তাঁর স্ত্রী মিনা বেগমকে আসামি করে সদর থানায় মামলা করেন। বর্তমানে আসামিরা জামিনে আছেন।
সোনিয়ার মা পিয়ারি বেগম অভিযোগ করেন, এত দিনেও মামলার কোনো সুরাহা হয়নি। এদিকে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। এ বিষয়ে জানতে খয়বার মোল্যার মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা শফিকুল আলম চৌধুরীকে পরিবর্তন করে ১ আগস্ট এসআই নূর মোহাম্মদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এসআই নূর মোহাম্মদ বলেন, দুই মাসের মধ্যে এ মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে। সদর থানার ওসি মতিয়ার রহমান বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুলের গাফিলতির কারণে তাঁকে সরিয়ে এসআই নূর মোহাম্মদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সোনিয়া তুলারামপুর উচ্চবিদ্যালয় থেকে গত বছর এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পায়।