চট্টগ্রামে প্রথমবারের মতো চীনের তৈরি গুলিসহ অত্যাধুনিক একে-২২ রাইফেল উদ্ধারের ঘটনার এক বছর পার হলেও কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। শনাক্ত করতে পারেনি স্কুলব্যাগে অস্ত্র বহনকারী সেই যুবককে। কারা এ অস্ত্রটি এনেছিল, কাদের জন্য আনা হয়েছিল—তদন্তে এসব প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায়নি পুলিশ।
একে-৪৭ রাইফেলের নতুন সংস্করণ একে-২২ উদ্ধারের ঘটনায় নগরের কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। তবে পুলিশের দাবি, অনেক তদন্ত ও খোঁজাখুঁজি করেও অস্ত্রটির রহস্য উদ্ঘাটন করা যায়নি।
এদিকে অত্যাধুনিক অস্ত্রটির উৎসের রহস্য উদ্ঘাটন না হওয়ায় অস্ত্রের চালান বেড়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে।
চট্টগ্রামের জ্যেষ্ঠ আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রামকে অস্ত্র চোরাচালানের রুট হিসেবে ব্যবহার করছে অস্ত্র ব্যবসায়ীরা। ১০ ট্রাক অস্ত্রের মতো বড় চালানও ধরা পড়েছিল এখানে। একে-২২ রাইফেলের মতো অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের ঘটনায় পুলিশকে গুরুত্ব দিয়ে তদন্তের মাধ্যমে অস্ত্রের উৎস ও পাচারকারীদের শনাক্ত করা উচিত। নইলে বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে।
জানতে চাইলে নগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, কর্ণফুলী থানা ও নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অস্ত্রটির রহস্য উদ্ঘাটনে কাজ করেছে। কিন্তু অস্ত্র বহনকারী যুবক ও আনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা যায়নি। পুলিশের তদন্ত অব্যাহত আছে। বিভিন্ন জায়গায় সোর্স লাগানো হয়েছে।
গত বছরের ১০ জুলাই নগরের শাহ আমানত সেতুর দক্ষিণ দিকে মইজ্জারটেক এলাকায় একে-২২ রাইফেল ও আটটি গুলি উদ্ধার করেছে কর্ণফুলী থানা-পুলিশ। পুলিশের ভাষ্যমতে, কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাস মইজ্জারটেকের সিএনজি ফুয়েলিং স্টেশনের সামনে থামে। এ সময় একটি স্কুলব্যাগ কাঁধে নিয়ে এক যুবক বাস থেকে নামে। সেখানে পুলিশের নিরাপত্তাচৌকি ছিল। কর্তব্যরত পুলিশ ওই স্কুলব্যাগে কী আছে জিজ্ঞেস করতেই যুবকটি দৌড়ে আরেকটি চলন্ত বাসে উঠে শহরের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি থেকে পুলিশ গুলিসহ অস্ত্রটি উদ্ধার করে।
বনজ কুমার মজুমদার জানান, একে-৪৭ মডেলের অত্যাধুনিক মারণাস্ত্রের সর্বশেষ ও সর্বাধুনিক ভার্সন হচ্ছে একে-২২ রাইফেল। এর গুলি খুবই ছোট। নিকটবর্তী থেকে যুদ্ধ করার জন্য এ অস্ত্রটি খুবই উপযোগী। গৃহযুদ্ধের দেশ হাইতিতে এ অস্ত্র ব্যবহৃত হয়ে থাকে। নগরে এর আগে একে-৪৭, এম-১৬ উদ্ধার হলেও একে-২২ উদ্ধারের ঘটনা আর ঘটেনি। সাধারণত সামরিক বাহিনী এ ধরনের অস্ত্র ব্যবহার করে। তাদের পোশাকের রঙের সঙ্গে মিল রেখে এসব অস্ত্র তৈরি করা হয়।
কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন বলেন, দীর্ঘদিন গুলিসহ অস্ত্রটি থানার মালখানায় ছিল। পরে আদালতের অনুমতি নিয়ে অস্ত্রটি পুলিশের মালখানায় রাখা হয়েছে। অস্ত্র উদ্ধারের পর কর্ণফুলী থানার সাবেক এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি জিডি করেন। তদন্তে অস্ত্র বহনকারী সেই যুবককে শনাক্ত করা যায়নি।