চিকিৎসক সাবিরা হত্যা মামলা
এক বছরেও সাবিরা হত্যার জট খোলেনি
রিমান্ডে সাবিরার স্বামী সামছুদ্দিন আজাদ ‘বিভ্রান্তিকর’ তথ্য দিয়েছেন। এতে তাঁকে ঘিরে তদন্তসংশ্লিষ্টদের সন্দেহ আরও বেড়েছে।
গত বছরের ৩০ মে সাবিরার লাশ উদ্ধার করে পুলিশ।
গত ১৯ এপ্রিল সাবিরার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
এক বছরেও চিকিৎসক কাজী সাবিরা রহমান হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ সময়ে বাড়ির তত্ত্বাবধায়ক, গৃহকর্মী, অন্য ভাড়াটে ও পাশের কক্ষের বাসিন্দাসহ সাবিরার সহকর্মী–স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সবশেষ সাবিরার স্বামী সাবেক ব্যাংক কর্মকর্তা এ কে সামছুদ্দিন আজাদকে গ্রেপ্তার করেও এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা যায়নি।
তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, সাবিরা হত্যায় সামছুদ্দিন আজাদের জড়িত থাকার বিষয়ে তথ্য-উপাত্ত পাওয়া গেছে। রিমান্ডে তিনি বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন। এতে তাঁকে ঘিরে সন্দেহ আরও বেড়েছে।
গত বছরের ৩০ মে সকালে রাজধানীর কলাবাগান প্রথম লেনের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটের শোবার ঘর থেকে সাবিরা রহমানের (৪৬) রক্তাক্ত ও অর্ধদগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর গলা কাটা ছিল, পিঠে ধারালো অস্ত্রের আঘাত ছিল। ওই ঘটনায় কলাবাগান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। সাবিরা রহমান রাজধানীর বেসরকারি গ্রিন লাইফ হাসপাতালের কনসালট্যান্ট (সনোলজিস্ট) ছিলেন।
মামলার বাদী সাবিরার মামাতো ভাই রেজাউল হাসান মজুমদার গত শুক্রবার প্রথম আলোকে বলেন, একটু সময় নিলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই হত্যা রহস্যের উদ্ঘাটন করতে পারবে বলে তিনি আশা করছেন।
তথ্য-উপাত্তের ভিত্তিতেই গত ১৯ এপ্রিল সামছুদ্দিন আজাদকে গ্রেপ্তার করা হয়। অসুস্থ থাকায় আদালতের অনুমতি নিয়ে তাঁকে চিকিৎসকের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।সুপার মো. জাহাঙ্গীর আলম, মামলার তদন্ত তদারক কর্মকর্তা পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ
দাম্পত্য কলহ ঘিরে সন্দেহ
সাবিরা হত্যা মামলা তদন্ত করছে পিবিআই। সংস্থাটির সূত্র জানায়, সামছুদ্দিন আজাদ ও সাবিরার মধ্যে কলহ ছিল। কলাবাগানে বাসা ভাড়া নেওয়ার সময় সাবিরা জানিয়েছিলেন, তাঁর স্বামী কানাডায় থাকেন। আলাদা থাকলেও দুজনের মধ্যে যোগাযোগ ছিল। কলাবাগানের বাসায় একাধিকবার থেকেছেন সামছুদ্দিন আজাদ।
সূত্রমতে, স্বামীর সঙ্গে সাবিরার বিরোধের নানা তথ্য পেয়েছে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। ঘটনার আগের দিন রাত ১০টা ২৮ মিনিট থেকে লম্বা সময় দুজনের সঙ্গে মেসেঞ্জারে কথা হয়েছিল।
২০০৬ সালে সামছুদ্দিন আজাদের সঙ্গে সাবিরার বিয়ে হয়। পরের বছর এক মেয়ে হয় তাঁদের। এর আগে চট্টগ্রামের একটি মেডিকেল কলেজে পড়ার সময় ১৯৯৮ সালে উবাইদ উল্লাহ নামের এক চিকিৎসকের সঙ্গে সাবিরার বিয়ে হয়েছিল। ১৯৯৯ সালে সেই ঘরে এক ছেলের জন্ম হয়। ২০০৩ সালে সড়ক দুর্ঘটনায় মারা যান উবাইদ উল্লাহ।
সূত্র জানাচ্ছে, সাবিরাকে বিয়ে করার আগে সামছুদ্দিন আজাদ আরও দুটি বিয়ে করেছিলেন। এর মধ্যে একটি বিয়ের তথ্য গোপন করেছিলেন তিনি। বিষয়টি জানাজানির পর থেকে তাঁদের মধ্যে কলহ শুরু হয়।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম গত শুক্রবার রাতে প্রথম আলোকে বলেন, তথ্য-উপাত্তের ভিত্তিতেই গত ১৯ এপ্রিল সামছুদ্দিন আজাদকে গ্রেপ্তার করা হয়। অসুস্থ থাকায় আদালতের অনুমতি নিয়ে তাঁকে চিকিৎসকের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে রিমান্ডের তিন দিনই তিনি জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছেন। এতে তাঁর প্রতি সন্দেহ আরও বেড়েছে। তাঁকে আবার রিমান্ডে আনা হবে।
‘ঘনিষ্ঠ কেউ জড়িত’
সাবিরা যে ফ্ল্যাটে থাকতেন, সেটিতে তিনটি কক্ষ। একটি কক্ষে সাবিরা, বাকি দুটি কক্ষে দুই তরুণী থাকতেন। এর মধ্যে কানিজ সুবর্ণা মডেলিং করেন। অন্য তরুণী গত বছরের ঈদুল ফিতরের আগে বাড়িতে গিয়ে আর ঢাকায় ফেরেননি।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে কানিজ সুবর্ণা দাবি করেছেন, ঘটনার দিন সকাল ছয়টায় তিনি প্রাতর্ভ্রমণে যান। তখন সাবিরার কক্ষের দরজা বন্ধ ছিল। সকাল সাড়ে ৯টায় ফিরে এসে তিনি ওই কক্ষ থেকে ধোঁয়া বেরোতে দেখেন।
ওই বাসায় কেউ গেলে তাঁর নাম-ঠিকানা লিখে রাখার ব্যবস্থা ছিল না। সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরা ছিল না। দরজা ভাঙার আলামত পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, খুনি হয়তো একজন, তিনি সাবিরার ঘনিষ্ঠজন। তিনি সাবিরার সঙ্গে বাসায় ঢুকে তাঁকে খুন করে স্বয়ংক্রিয় তালা মেরে চলে যান।
মামলাটি তদন্ত করছেন পিবিআই পরিদর্শক জুয়েল দেওয়ান। গত শুক্রবার তিনি প্রথম আলোকে বলেন, সাবিরার জব্দ করা মুঠোফোনটির ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন, ময়নাতদন্তের প্রতিবেদন, ডিএনএ ও ফায়ার সার্ভিসের প্রতিবেদন হাতে এসেছে।