এক বছরের শিশু ধর্ষণের শিকার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার এলাকায় এক বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার সকালে এ ঘটনা ঘটে।

শিশুটির বাবা একই এলাকার একটি কারখানায় চাকরি করেন। বাংলাবাজারের গজারিয়াচালা এলাকায় তিনি স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকেন। বুধবার প্রতিবেশী এক ব্যক্তি (৪০) তাঁর বাড়িতে একা পেয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে ওই ব্যক্তি পালিয়ে যান। পরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আবদুস সালাম সরকার প্রথম আলোকে বলেন, শিশুটি ধর্ষণের শিকার হওয়ার প্রাথমিক আলামত পাওয়া গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সুজায়েত হোসেন বলেন, ধর্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে পুলিশ।