এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ওপারে মোকলেছার রহমান (৩০) নামের এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী সীমান্তের ৮৪২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের ওপারে ভারতীয় এলাকায় এ ঘটনা ঘটে।
বিএসএফের হাতে আটক মোকলেছার রহমান বুড়িমারী জিরো পয়েন্ট এলাকার আফজাল হোসেনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে মোকলেছার রহমান বুড়িমারী সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতের চ্যাংরাবান্ধা গ্রামে যায় গরু আনতে। এ সময় ভারতের কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের টহল দল তাঁকে আটক করে।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় বুড়িমারী জিরো পয়েন্ট (আইসিপি) গেট এলাকায় ঘণ্টাব্যাপী বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবি কমান্ডার আটক মোকলেছারকে ফেরত চাইলে বিএসএফ কমান্ডার জানান, আটক ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। তাই তাঁকে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে ভারতীয় মেকলিগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে বিজিবি জানায়, বিএসএফের হাতে আটক মোকলেছার এর আগেও অবৈধভাবে প্রবেশের দায়ে ভারতের কারাগারে চার বছর সাজা ভোগ করেছেন।
লালমনিরহাট-১৫বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।