এক বাংলাদেশিকে গ্রেপ্তারের পর ফেরত পাঠাল মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইএসসহ আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশসহ তিনটি দেশের নাগরিকদের গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। গত মাসে ওই তিন বিদেশির পাশাপাশি একজন স্থানীয় নাগরিককেও আটক করা হয়। গ্রেপ্তারকৃত বাংলাদেশ, নেপাল ও মরক্কোর ওই তিন নাগরিককে এ মাসে তাঁদের দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

সিঙ্গাপুরের দৈনিক দ্য স্ট্রেইট টাইমস গতকাল বৃহস্পতিবার এ খবর প্রকাশ করেছে।

মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক খালিদ আবু বকর গতকাল এক বিবৃতিতে বলেন, গত ১৯ আগস্ট ৩৭ বছর বয়সী এক বাংলাদেশি এবং ৩৮ বছর বয়সী এক নেপালি নাগরিককে গ্রেপ্তার করা হয়। সন্দেহভাজন ওই দুই বিদেশি নাগরিক মালয়েশিয়ায় ব্যবসা করতেন এবং তাঁদের দুজনকেই ২ সেপ্টেম্বর তাঁদের দেশে ফেরত পাঠানো হয়েছে। সন্দেহভাজন বাংলাদেশের নাগরিক মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বুকিত বিনতাংয়ে রেস্তোরাঁ চালাতেন। আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে অস্ত্র চোরাচালানে তিনি সম্পৃক্ত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। নেপালি সন্দেহভাজন ব্যক্তি একটি হোটেল চালাতেন এবং তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক জঙ্গিদের জন্য ভ্রমণ-সংক্রান্ত কাগজ জাল করার অভিযোগ রয়েছে। আটক অন্য বিদেশি ২৬ বছর বয়সী মরক্কোর নাগরিক।