বাবাকে মেরে জামা ছিঁড়ল বখাটেরা
জেএসসি পরীক্ষা দিয়ে কেন্দ্র থেকে বাড়ি ফেরার পথে এক ছাত্রীকে কয়েকজন যুবক উত্ত্যক্ত করছিল। প্রতিবাদ করলে ওই বখাটেরা ক্ষিপ্ত হয়ে মেয়েটির বাবাকে মারধর করে জামা ছিঁড়ে ফেলে। আজ সোমবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাসস্ট্যান্ড এলাকায় রানা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ওই ব্যক্তি প্রতিকার চেয়ে গাংনী উপজেলা কর্মকর্তার কার্যালয়ে মৌখিক অভিযোগ করেন।
মারধরের শিকার ওই ব্যক্তি মুঠোফোনে প্রথম আলোকে জানান, দুপুরে মেয়ের পরীক্ষা শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় ভ্যানের পেছনে দুটি মোটরসাইকেলে চারজন যুবক আসতে থাকে। রানা সিনেমা হলের সামনে পৌঁছালে দুজন যুবক মেয়েকে উদ্দেশ করে খারাপ ভাষায় কথা বলে। এ কিছুক্ষণ পর আবারও তারা মেয়েকে নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করে। এ সময় ভ্যান থামিয়ে প্রতিবাদ করলে যুবকেরা তাঁকে (বাবা) কিলঘুষি মারতে থাকে। একপর্যায়ে জামা ছিঁড়ে ফেলে। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়। তিনি যুবকদের মধ্যে দুজনকে চিনতে পেরেছেন।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ-উজ-জামান বলেন, বিষয়টি খুবই লজ্জার ও দুঃখজনক। বখাটেরা ছাত্রীর বাবার জামার ৭০ ভাগ ছিঁড়ে ফেলেছে। এ ব্যাপারে অভিযুক্ত যুবকদের ধরতে থানার ওসিকে বলা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসকের নজরেও রয়েছে। অভিযুক্ত যুবকেরা কোনোভাবেই ছাড় পাবে না।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ রকম ঘটনা শোনার পর স্থানীয় বামন্দী পুলিশ ক্যাম্পের এক কর্মকর্তাকে সেখানে পাঠানো হয়েছে। তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হবে।