এক বাসা থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজশাহী নগরের চন্ডিপুর এলাকার একটি বাসা থেকে আজ শনিবার পুলিশ দুই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। সকাল সাড়ে নয়টার দিকে ঘরের দরজা ভেঙে লাশ দুটি বের করা হয়।
পুলিশের দাবি, তাঁরা আত্মহত্যা করেছেন। তাঁরা একটি চিরকুট লিখে গেছেন।
এই দুই শিক্ষার্থী হলেন শারমিন খাতুন (১৯) ও আবদুল মমিন (২২)। শারমিনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার শিতলাই গ্রামে। তাঁর বাবার নাম চান মিঞা। শারমিন নগরের ডায়াবেটিক অ্যাসোসিয়েশন পরিচালিত নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আর আবদুল মমিন নওগাঁর মান্দা উপজেলার চকরঘুনাথ গ্রামের আবদুল মজিদের ছেলে। তিনি নগরের ইসলামী ব্যাংক মেডিকেল নার্সিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শারমিন ও মমিন নগরের চন্ডিপুর এলাকায় মোশাররফ হোসেনের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। বাড়ির মালিক বলেন, তিন মাস আগে তাঁরা দুজন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই বাসা ভাড়া নেন।
রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহরাব হোসেন শেখ বলেন, মমিনের বাড়ি থেকে বারবার ফোন করে তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু যোগাযোগ করতে না পেরে আজ সকালে পরিবারের লোকজন রাজশাহীতে ওই বাসায় আসেন। তাঁরা দেখতে পান, বাসার দরজা ভেতর থেকে বন্ধ। পরে জানালা দিয়ে মমিনকে দেখা যায়। দেখে মনে হচ্ছিল তিনি দাঁড়িয়ে আছেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে স্বজনেরা দেখতে পান, মমিন সিলিং ফ্যান আর শারমিন জানালার গ্রিলের সঙ্গে ঝুলে আছেন। ।
শারমিনের বাবা চান মিঞার দাবি, তাঁর মেয়ের কোনো ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বা সে কাউকে বিয়ে করেছিল, এটা তাঁদের জানা নেই। তাঁর ধারণা, এটি হত্যাকাণ্ড। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চান।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে তাঁরা আত্মহত্যা করেছেন। তা ছাড়া তাঁরা একটি চিরকুটও লিখে গেছেন। তাতে লেখা আছে, ‘আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমাদের ভালোবাসা কেউ মেনে নেয়নি। তাই আমরা দুনিয়া থেকে চলে গেলাম। আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নন।’
ওসি বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।