এক বাসা থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের চন্ডিপুর এলাকার একটি বাসা থেকে গতকাল শনিবার পুলিশ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। সকাল সাড়ে নয়টার দিকে ঘরের দরজা ভেঙে লাশ দুটি বের করা হয়। তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ বলছে, ওই দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাঁরা চিরকুট লিখে গেছেন। নিহত মেয়েটির বাবা বলেন, তাঁর ধারণা এটি হত্যাকাণ্ড। তিনি এর সুষ্ঠু তদন্ত চান।
নিহত দুজন হলেন শারমিন খাতুন (১৯) ও আবদুল মমিন (২২)। শারমিনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার শিতলাই গ্রামে। তিনি নগরীতে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন পরিচালিত নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মমিনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার চকরঘুনাথ গ্রামে। তিনি নগরের ইসলামী ব্যাংক মেডিকেল নার্সিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ওই দুই শিক্ষার্থী মোশাররফ হোসেনের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। মোশাররফ হোসেন বলেন, তিন মাস হলো ওই দুজন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাসায় উঠেছিলেন। শারমিনের বাবা বলেন, তাঁর মেয়ে কারও সঙ্গে প্রেম বা বিয়ে করেছিল এটা তাঁদের জানা নেই।
রাজশাহী সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহরাব হোসেন শেখ বলেন, ছেলেটার (মমিন) বাড়ি থেকে বারবার ফোন করে যোগাযোগ করতে না পেরে তাঁর পরিবারের লোকজন এসে দেখেন বাসার দরজা ভেতর থেকে বন্ধ করা। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের লাশ পাওয়া যায়।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, ওই দুজন আত্মহত্যা করেছেন। তাঁরা একটা চিরকুট লিখে গেছেন। লাশ দুটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।