এক বিদ্যালয়ে দুই দখলদারের হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া পৌর এলাকার জোড়দহ কেবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩ শতাংশ জমি দখল করে বেড়া দেওয়া হয়েছে। বিদ্যালয়ের পাশে বাস করা দুই ব্যক্তি ওই জমি নিজেদের দাবি করছেন। ইতিমধ্যে পুলিশ এক দখলদারকে গ্রেপ্তার করেছে।
বিদ্যালয়ের শিক্ষক, ব্যবস্থাপনা কমিটি সূত্র জানায়, ১৯৩৫ সালে জোড়দহ গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এলাকার জালালউদ্দিন আহমেদ ও তাঁর ছেলে আব্দুর রাজ্জাক বিদ্যালয়ের জন্য ৬৫ শতাংশ জায়গা দান করেন। বিদ্যালয়টিতে ৩৫০ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। কয়েক বছর ধরে বিদ্যালয়ের পূর্ব পাশে বসবাস করা আব্দুস সালাম ও দক্ষিণ পাশের রোমেছা খাতুন বিদ্যালয়ের ভেতরে তাঁদের জায়গা আছে বলে দাবি করে আসছেন। এ নিয়ে রোমেছা খাতুনের পরিবারের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের মামলাও চলছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্র জানায়, ২২ আগস্ট শুক্রবার আব্দুস সালাম লোকজন নিয়ে বিদ্যালয়ের পূর্ব প্রান্তের প্রায় ১৩ শতাংশ জায়গা দখল করে বাঁশের বেড়া দেন। খবর পেয়ে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জামালউদ্দিন মহলদার ঘটনাস্থলে যান। কিন্তু আব্দুস সালামের লোকজন জামালউদ্দিনকে ধাওয়া করে তাড়িয়ে দেন।
জামালউদ্দিন মহলদার বলেন, ‘আব্দুস সালাম এর আগেও একাধিকবার বিদ্যালয়ের জায়গা দখলের চেষ্টা করেছেন। তাঁর বৈধ কোনো কাগজপত্র নেই। বিদ্যালয়ের জায়গা দখল করার খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সালামের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে ধাওয়া করে।’
আব্দুস সালাম বলেন, ‘এটা আমার বাবার কেনা জমি। এসএ ও আরএস রেকর্ড আমাদের নামে। সব ধরনের কাগজপত্রও আমাদের আছে। আমাদের জায়গা হওয়ায় আমরা ঘিরে নিয়েছি। অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া করার অভিযোগ একেবারেই মিথ্যা।’
এ ব্যাপারে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘অভিযোগপত্র পাওয়ার পর আব্দুস সালাম ও বিদ্যালয় কর্তৃপক্ষকে কাগজপত্র নিয়ে শুক্রবার থানায় ডাকা হয়। আব্দুস সালাম কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এর পরও তিনি দখল ছাড়তে রাজি না হওয়ায় গতকাল শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁকে আদালতে পাঠানো হবে।’
এদিকে মাস খানেক আগে রোমেছা খাতুনের বাড়ির লোকজন বিদ্যালয়ের প্রায় ১০ শতাংশ জায়গা টিনের বেড়া দিয়ে ঘিরে ঘরবাড়ি তৈরি করেন। রোমেছা খাতুনের ছেলে বরকত বলেন, ‘এই সম্পত্তি আমাদের বাপ-দাদার কেনা সম্পত্তি। স্কুলঘরের ভেতরেও আমাদের জায়গা রয়েছে। জায়গা নিয়ে যে মামলা চলছে, তাতে প্রথম রায় বিদ্যালয় পেলেও দ্বিতীয় রায় আমরা পেয়েছি। আমাদের রায়ের বিরুদ্ধে বিদ্যালয় কর্তৃপক্ষ আপিল করেছে।’
আব্দুস সালাম ও রোমেছা খাতুনের পরিবারের দাবি, তাঁরা জায়গা কিনেছেন আব্দুর রাজ্জাকের (যিনি বিদ্যালয়কে জমি দান করেছেন) কাছ থেকে। আব্দুর রাজ্জাক এখন আর জীবিত নেই। তাঁর ছেলে জিয়াউদ্দিন রাজ্জাক বলেন, ‘আমার দাদা ও আব্বা এলাকার মানুষের শিক্ষার কথা ভেবে বিদ্যালয়কে জমি দান করে গেছেন। সালাম ও রোমেছার লোকজনের দখল করা জায়গা অবশ্যই বিদ্যালয়ের। তাঁরা আব্বার কাছ থেকে কেনার যে দাবি করছেন, তা ঠিক নয়।’
প্রধান শিক্ষক তানজিনা পারভীন বলেন, ‘দখলের কারণে শিক্ষার্থীদের খেলার মাঠ ছোট হয়ে গেছে। ১৫-২০ দিন আগে জায়গা মাপার জন্য সার্ভেয়ার এসেছিলেন। কাগজপত্র নিয়ে দুই পক্ষ হাজির না হওয়ায় মাপা হয়নি।’