এক ব্যক্তিকে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকায় গতকাল শনিবার সকালে দুর্বৃত্তরা সাইদুর রহমান (৫৫) নামের এক ব্যক্তির বাম হাত কবজি থেকে বিচ্ছিন্ন করেছে। দুর্বৃত্তরা তাঁর পা ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানা সূত্রে জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে শহরের বনবেলঘরিয়া এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন সাইদুর রহমান। হঠাৎ পাঁচ যুবক চাপাতি ও রামদা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁর বাম হাত কবজি থেকে কেটে বিচ্ছিন্ন করে ফেলে। একই সঙ্গে ডান পায়ের রগ কেটে ফেলে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। এরপর দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে সাইদুরকে নাটোর সদর হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ জানান, ডান হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় সাইদুরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাইদুরের বিচ্ছিন্ন হওয়া হাতটি উদ্ধার করে।
তবে গতকাল বিকেল পর্যন্ত এ ব্যাপারে সদর থানায় কোনো মামলা হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই তাঁরা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে হামলাকারীদের কাউকে সেখানে পাওয়া যায়নি। সাইদুরের সঙ্গে তাৎক্ষণিকভাবে কথা বলে জানা গেছে, পাঁচ যুবক ওই হামলায় জড়িত ছিল। তাদের কয়েকজনের নাম-পরিচয় জানা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলার কারণ সম্পর্কে ওসি বলেন, এখনো মামলা হয়নি, তবে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হামলার শিকার সাইদুর রহমান এলাকার চিহ্নিত চোরাকারবারি। হামলাকারীরাও চোরাচালানসহ চাঁদাবাজ চক্রের সদস্য। এসব বিষয় নিয়েই হামলার ঘটনা ঘটেছে। অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।