এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা ঘুষিতে মৃত্যু আরেকজনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুর গ্রামের এক ব্যক্তিকে গতকাল বুধবার ভোরে বইঠা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার কানাইনগর গ্রামে প্রতিপক্ষের কিলঘুষিতে আরেকজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন চরশিবপুর গ্রামের আমান মিয়া (৫০) ও কানাই-নগর গ্রামের মোশারফ হোসেন (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, আমান মিয়া গতকাল ভোর পাঁচটার দিকে চরশিবপুর গ্রামের দক্ষিণ পাশে মেঘনা নদীর শাখায় মাছ ধরার জাল পাতেন। একই স্থানে একই গ্রামের মো. এবায়দুল্লাহ আরেকটি জাল পাতেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে আমানকে নৌকার বইঠা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে পানিতে ফেলে দেন এবায়দুল্লাহ। এতে ঘটনাস্থলেই আমানের মৃত্যু হয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমানের বড় ভাই ইমান মিয়া বাদী হয়ে এবায়দুল্লাহর বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলা করেন।
ইমান মিয়া প্রথম আলোকে বলেন, ‘আমার ভাইয়ের লগে এবায়দুল্লাহর কোনো শত্রুতা ছিল না। আমার ভাই জাল পাইতা মাছ বেইচা চলত। আমার ভাই যে জায়গায় জাল পাতছে, হেই জায়গায় এবায়দুল্লাহও জাল পাতছে। বাধা দেওয়ায় এবায়দুল্লাহ বইঠা দিয়া পিটাইয়া ভাইরে মাইরা ফালাইছে।’
এদিকে মঙ্গলবার বিকেলে উপজেলার কানাইনগর গ্রামের কাপড় ব্যবসায়ী মোশারফ হোসেন প্রতিপক্ষের কিলঘুষিতে মারা গেছেন বলে দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। এ ঘটনায় গতকাল তাঁর স্ত্রী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে বাঞ্ছারামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে বালু তুলতে প্লাস্টিকের পাইপ বসানো নিয়ে কানাইনগর গ্রামের সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি মোশারফের নাতি পারভেজ মিয়াকে মারধর করেন। এ নিয়ে সিরাজুলের সঙ্গে মোশারফের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সিরাজুল ও তাঁর লোকজন মোশারফকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। এর কিছুক্ষণ পর বুকে ব্যথা অনুভব করে গুরুতর অসুস্থ বোধ করেন মোশারফ। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোশারফকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বইঠার আঘাতে আমানের মৃত্যুর ঘটনায় করা মামলার আসামি এবায়দুল্লাহ পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মোশারফের মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।