এক ব্যক্তির কবজি কেটে বিচ্ছিন্ন করল সন্ত্রাসীরা
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার খলিসাখালী গ্রামে জহুর কাজী (৫০) নামের এক ব্যক্তির কবজি কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে সন্ত্রাসীরা। গত মঙ্গলবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, জহুর কাজী খলিসাখালী বটতলা চায়ের দোকান থেকে রাতে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সন্ত্রাসীরা জহুরের ডান হাতের কনুইয়ের নিচের অংশ থেকে কবজি বিচ্ছিন্ন করে ফেলে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে গ্রামে দুই পক্ষ আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। এর এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন জলিল মোল্লা। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন সাহিদ কাজী। আহত জহুর, সাহিদের ছোট ভাই।
লোহাগড়া থানার এসআই স্বপন কুমার দাস জানান, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।