এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে শফিকুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। ইউনিয়নের চানপুর গ্রাম থেকে গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ লাশ পাওয়া যায়।
নিহত শফিকুলের বাড়ি চানপুর গ্রামেই। তিনি দরজির কাজ করতেন। তাঁর বাবার নাম হাবেল উদ্দিন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় শফিকুল ইসলাম স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজন পাঁচ দিন তাঁকে খোঁজাখুঁজি করেও পাননি। গতকাল সকালে চানপুর গ্রামের বংশাল খালের পাড়ে একটি বস্তা দেখতে পান স্থানীয় লোকজন। তাঁরা বস্তা খুলে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
উপজেলার নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মুহাম্মদ মহব্বত কবীর বলেন, শফিকুলের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে মামলা করেছেন।