এক ব্যক্তির মাথা ফাটিয়ে দিলেন ডিলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ীতে গতকাল শুক্রবার ১০ টাকা কেজির চালের এক উপকারভোগীর স্বামীর মাথা ফাটিয়ে দিয়েছেন ডিলার। তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, হতদরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পোড়ারহাট বাজারে আইনুল হক নামের এক ডিলার নিয়োগ করা হয়। ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটারীপাড়ার বিজলীর (২৬) কার্ড নিয়ে তাঁর স্বামী মোসলেম উদ্দিন গতকাল সকালে ডিলারের কাছে যান। প্রথমে ডিলার চাল দিতে অস্বীকার করলেও পরে ৫০ টাকা অতিরিক্ত দাবি করেন। এতে ডিলার ও তাঁর লোকজনের সঙ্গে উপকারভোগীর স্বামীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোসলেমকে টেনেহিঁচড়ে একটি রুমে নিয়ে বাটখারা দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেন ডিলার ও তাঁর লোকজন। স্থানীয় লোকজন এগিয়ে এলে ডিলার ও তাঁর লোকজন পালিয়ে যান। পরে গুরুতর অবস্থায় মোসলেমকে স্থানীয় লোকজন উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। স্থানীয় লোকজন এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছেন।

এ ব্যাপারে ডিলার আইনুল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। উল্টো মোসলেম উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ এনে তিনি বলেন, মোসলেম তাঁর গুদাম থেকে তিন থেকে পাঁচটি চালের বস্তা নিয়ে গেছেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত করে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।