বরগুনার তালতলী উপজেলার আঙ্গারপাড়া গ্রামে গত শুক্রবার রাতে কামাল মৃধা নামের এক ব্যক্তিকে পিটিয়ে দুই পা ও এক হাত ভেঙে দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে কুপিয়ে জখম করা হয়েছে। একটি চোখ খুঁচিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।
কামাল মৃধার বাড়ি (৩৫) সদর উপজেলার ডৌয়াতলা গ্রামে। তিনি আঙ্গারপাড়া গ্রামে তাঁর মামা মোকলেস হাওলাদারের বাড়ি বেড়াতে এসেছিলেন। বন্দোবস্ত নেওয়া জমি নিয়ে আঙ্গারপাড়া গ্রামের সেলিম চৌকিদার ও তাঁর প্রতিবেশী মোকলেস হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে মামার বাড়ি থেকে ডেকে নিয়ে কামালের ওপর এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার জানতে চাইলে মোকলেস হাওলাদার প্রথম আলোকে বলেন, ঈদের এক দিন পর তাঁর ভাগনে তাঁদের বাড়ি বেড়াতে আসেন। শুক্রবার রাতে বিরোধ মীমাংসার কথা বলে সেলিম চৌকিদার, তাঁর ভাই মুনছুর চৌকিদার, ভাইয়ের ছেলে হাবিব চৌকিদার ও সাইদুল চৌকিদার তাঁর ভাগনে কামাল মৃধাকে ঘর থেকে ডেকে নিয়ে যান। এরপর সেলিম চৌকিদারের বাড়ির পুকুর পাড়ে গোয়ালঘরের সামনে নিয়ে তাঁর ভাগনের ওপর হামলা চালানো হয়। পরে কামালের চিৎকার শুনে তাঁরা ও এলাকার লোকজন ছুটে গিয়ে কামালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কামালকে ওই রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা গৌরাঙ্গ কুমার হাজরা প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তির (কামাল) দুই পায়ের একাধিক স্থানে হাড় ভেঙে গেছে। এ ছাড়া বাঁ হাত ভেঙে গেছে। তাঁর বাঁ চোখ টেঁটা দিয়ে কয়েক দফা আঘাত করা হয়েছে। চোখটি গুরুতর জখম হয়েছে। চোখটি একেবারে নষ্ট হয়ে যেতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে।
এদিকে সেলিম চৌকিদারের বড় ভাই আবদুল রব চৌকিদার দাবি করেন, শুক্রবার দিবাগত রাত একটার দিকে কামালের নেতৃত্বে সাত-আটজনের একটি ডাকাতদল সেলিম চৌকিদারের ঘরে দরজা ভেঙে প্রবেশ করে। এরপর সেলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তিন লাখ টাকা লুট করে। পরে সেলিমের চিৎকার শুনে গ্রামবাসী ছুটে আসে এবং কামালকে ধরে ফেলে। এরপর লোকজন পিটিয়ে কামালের হাত-পা ভেঙে দেয় এবং বাঁ চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। সেলিমকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসীর বরাত দিয়ে তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, আজ (গতকাল) তিনি ঘটনাস্থলে যান। গ্রামবাসীর সঙ্গে কথা বলেন। ডাকাতির কোনো ঘটনার কথা গ্রামবাসী জানে না। তা ছাড়া কামালকে গ্রামের বাসিন্দারা পিটিয়ে আহত করার কোনো ঘটনাও ঘটেনি। চিৎকার শুনে গ্রামবাসী ছুটে গিয়ে কামালকে রক্তাক্ত জখম অবস্থায় দেখতে পায়। তিনি আরও বলেন, এর আগে শুক্রবার রাতে মুঠোফোনে তাঁকে ওই ঘটনা জানানো হয়। তিনি তাৎক্ষণিক পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে কামালকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
গতকাল বিকেল পাঁচটার দিকে মুঠোফোনে জানতে চাইলে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, প্রতিবেশী দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ও মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতির ঘটনা সাজানো। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি।