এক ব্যবসায়ী গ্রেপ্তার হলেই রহস্যের উদ্ঘাটন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সিন্দুক থেকে উদ্ধার করা সোনার বার এবং ৬০ লাখ টাকার উৎস ও গন্তব্য সম্পর্কে গতকাল মঙ্গলবার পর্যন্ত জানতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, এ ঘটনায় আবু আহমেদ নামের এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁকে ধরতে পারলেই রহস্য উদ্ঘাটিত হবে।
এদিকে সোনার বার ও টাকা উদ্ধারের ঘটনায় গতকাল রাতে কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটের ষষ্ঠ তলার দুটি কক্ষে অভিযান চালিয়ে তিনটি সিন্দুক জব্দ করা হয়। পরে সেগুলো নগরের কোতোয়ালি থানায় নিয়ে খোলা হয়। একটি সিন্দুকে ২৫০টি সোনার বার এবং আরেকটিতে ৬০ লাখ টাকা পাওয়া যায়। অপর সিন্দুকে কিছু পাওয়া যায়নি। ব্যবসায়ী আবু আহমেদের নামে বাহার মার্কেটের ওই দুটি কক্ষ ভাড়া নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
পুলিশ সূত্র জানায়, রিয়াজউদ্দিন বাজার এলাকার ব্যবসায়ী আবু আহমেদকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাঁকে পাওয়া যায়নি।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, আবু আহমেদকে ধরতে পারলে সোনার বার ও ৬০ লাখ টাকার রহস্য উদ্ঘাটন করা যাবে। তাঁকে ধরতে অভিযান চলছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, বাহার মার্কেটের কক্ষ দুটি ভাড়া নিয়ে জুতার গুদামের আড়ালে সোনা চোরাচালান ও হুন্ডির ব্যবসা করতেন আবু আহমেদ। ওই গুদামগুলো থেকে তিনি বিভিন্ন স্থানে সোনা পাচার করতেন। তিনি বলেন, রিয়াজউদ্দিন বাজারে আবু আহমেদসহ দুই ব্যক্তির নামে দুটি সিন্ডিকেট চোরাচালানের সঙ্গে জড়িত বলে তথ্য পেয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গুদাম থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ডায়েরিতে দৈনিক ৫০ লাখ থেকে ১ কোটি টাকারও বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে। গুদামের ক্লোজড সার্কিট (সিসি) টিভির ফুটেজ দেখে বের করার চেষ্টা চলছে, সেখানে কারা আসা-যাওয়া করতেন।
এদিকে গতকাল রাতে নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আফতাব হোসেন চোরাচালানের অভিযোগে আবু আহমেদকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় কয়েকজনকেও আসামি করা হয়েছে।
আবু আহমেদের গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। চট্টগ্রাম নগরে কসমোপলিটন এলাকাসহ কয়েকটি এলাকায় তাঁর ভাড়া বাসা আছে।
রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটের পাশে আবু আহমেদের দুটি প্রসাধনসামগ্রীর দোকান আছে। গত সোমবার পুলিশি অভিযানের পর থেকে তাঁর দোকান দুটি বন্ধ। গতকাল দুপুরে গিয়েও দোকানগুলো বন্ধ দেখা যায়। আশপাশের দোকানিরা তাঁর সম্পর্কে কিছু বলতে চাননি।
পুলিশ সূত্র জানায়, ২০১৩ সালের ৩ আগস্ট নগরের আতুরারডিপো এলাকা থেকে অপহৃত হয়েছিলেন আবু আহমেদ। এ ঘটনায় করা মামলায় অভিযোগ করা হয়, এক কোটি টাকা মুক্তিপণ দেওয়ার পর তাঁকে অপহরণকারীরা ছেড়ে দেয়। মামলার তদন্ত শেষে নগর গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে।
রিয়াজউদ্দিন বাজার তামাকুণ্ডি লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, ব্যবসায়ী পরিচয়ে এখানে কোনো চোরাচালানি থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবে সমিতি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন গতকাল রাতে জানান, সিন্দুক থেকে উদ্ধার করা সোনার বার ও টাকাগুলোর মালিকানা দাবি করে থানায় কেউ আসেননি।