বেসিক ব্যাংকে জালিয়াতির মামলায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।
গতকাল মঙ্গলবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল রাজধানীর বছিলা থেকে ব্যবসায়ী এ কে আজাদকে গ্রেপ্তার করে। তিনি লোটাস স্টিল করপোরেশনের মালিক।
দুদকের সূত্র বলেছে, গত বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানায় করা একটি মামলার তদন্ত করছেন দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান। ওই মামলার এজাহারের তথ্য অনুযায়ী মেসার্স মনিকা ট্রেডিং ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. মনির হোসেন অন্যদের সহায়তায় বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে ৬৮ কোটি ৮১ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন, যা বর্তমানে সুদসহ হয়েছে ৮৩ কোটি ৪৮ লাখ টাকা। মনির হোসেন ছাড়াও এই মামলার এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ফজলুল সোবহান, এ মোনায়েম খান ও মো. সেলিম, গুলশান শাখার সাবেক শাখাপ্রধান শিপার আহমেদ এবং ক্রেডিট ইনচার্জ জাহিদ হোসেন।
দুদক সূত্র বলছে, এ কে আজাদ এজাহারভুক্ত না হলেও তদন্তে এর সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
বেসিক ব্যাংকে জালিয়াতির ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে তিন দিনে ৫৬টি মামলা করে দুদক। ওই সব মামলায় এর আগে ব্যাংকটির পাঁচজন কর্মকর্তা, পাঁচ ব্যবসায়ীসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করে দুদক। তাঁরা সবাই এজাহারভুক্ত। গ্রেপ্তারকৃত ব্যাংকাররা হলেন ব্যাংকটির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহান ও মো. সেলিম, উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও গুলশান শাখার ব্যবস্থাপক শিপার আহমেদ, মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদীন চৌধুরী এবং প্রধান কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারী।