এক ব্যবসায়ীর বিরুদ্ধে অন্য ব্যবসায়ীর মামলা
চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের কাজীপাড়ার শীতল এন্টারপ্রাইজ নামের জাহাজভাঙা কারখানার মালিক দিদারুল আলমের বিরুদ্ধে হুমকি ও প্রতারণার অভিযোগে মামলা করেছেন আরেক ব্যবসায়ী।
গত বুধবার রাতে ব্যবসায়ী জাহেদ হোসেন মামলাটি করেন। এতে আসামি করা হয় শীতল এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. কাশেমসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে।
ব্যবসায়ী জাহেদ অভিযোগ করেছেন, দিদারুলের মালিকানাধীন স্ক্র্যাপ জাহাজের ছয়টি ডেকের ২৪০ টন ‘ম্যাগনেটিক নিকেল শিট’ (ধাতব পাত) কিনেছেন তিনি। ক্রয়ের চুক্তি অনুযায়ী চার ধাপে সাড়ে ২৪ টন শিট তিনি কেটেও নিয়েছেন।
জাহেদ অভিযোগ করেন, আন্তর্জাতিক বাজারে নিকেল শিটের দাম বেড়ে যাওয়ায় ২ মার্চ তাঁর (জাহেদের) শ্রমিকদের জাহাজ কাটতে বাধা দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে দিদারুল আলম জানান, জাহেদের কাছে মালামাল বিক্রি করা হয়েছে ছয়টি ডেকের। এর ধাতব পাতে ৯ শতাংশ নিকেল রয়েছে। কিন্তু তিনি ডেকের নিচের পাতও কাটছেন, যাতে রয়েছে ৩৬ শতাংশ নিকেল। ডেকের বাইরে গিয়ে ধাতব পাত কাটছেন তাঁর শ্রমিকেরা। তবে ধাতব পাতে কত শতাংশ নিকেল থাকবে, তা চুক্তিতে উল্লেখ ছিল না বলে স্বীকার করেন তিনি।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান জানান, আদালতের নির্দেশে ব্যবসায়ী জাহেদের মামলা নিয়েছেন তিনি। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।