এক ব্যবসায়ীসহ তিন জেলায় তিন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে গতকাল মঙ্গলবার কুপিয়ে এক গরুর ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। একই দিন সিরাজগঞ্জের সদর উপজেলায় মাটি খুঁড়ে এক ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া গত সোমবার লালমনিরহাটের কালীগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
ভোলাহাট উপজেলায় নিহত ব্যক্তির নাম বুলু মিয়া (২৬)। তিনি হাউসপুর গ্রামের সাবিরুদ্দিনের ছেলে। সিরাজগঞ্জে উদ্ধার করা লাশটি ইবনে বতুতার (৩৬)। তিনি বড় সারুটিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। কালীগঞ্জে মৃত গৃহবধূর নাম হোসনে আরা বেগম (২৪)। তিনি কাজীরহাট গ্রামের জোবায়দুল ইসলামের স্ত্রী।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দিন বলেন, দুদিন আগে ভারত থেকে চোরাই পথে আনা বুলু মিয়ার কয়েকটি গরু আটক করে বিজিবি। এ ঘটনায় বুলু একই গ্রামেরই অপর গরু ব্যবসায়ী মো. রাকিবুল (২৫) ও তাঁর সহযোগীদের দোষারোপ করেন। বিষয়টি নিয়ে গতকাল বেলা একটার দিকে বুলুর সঙ্গে রাকিবুল ও তাঁর সহযোগীদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে রাকিবুল ও তাঁর সহযোগীরা ধারালো হাঁসুয়া দিয়ে বুলুকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা বুলুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তিনি মারা যান। এ ঘটনায় বুলুর স্ত্রী সুমিজা বেগম সাত-আটজনকে আসামি করে মামলা করেছেন।
সিরাজগঞ্জের সদর থানা-পুলিশ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা যায়, কিছুদিন আগে ইবনে বতুতা নতুন সারটিয়া গ্রামের পলাশ সূত্রধরের (২৫) কাছ থেকে দুই লাখ টাকা ধার নেন। এর সুদ ও টাকা ফেরত দেওয়া নিয়ে পরে তাঁদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। রোববার বিকেলে কিছু টাকা শোধ করতে পলাশের বাড়িতে যান ইবনে বতুতা। সেখানে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পলাশ ছুরি দিয়ে ইবনে বতুতার গলায় আঘাত করেন। এতে শ্বাসনালি কেটে গিয়ে ঘটনাস্থলেই ইবনে বতুতা মারা যান। পলাশ মেঝে খুঁড়ে লাশ পুঁতে রেখে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যান। তিন দিনেও বাড়িতে না আসায় ইবনে বতুতার স্বজনেরা থানায় খবর দেন। পুলিশ ও স্বজনেরা গতকাল দুপুরে পলাশের বাড়িতে গিয়ে মেঝে খুঁড়ে ইবনে বতুতার লাশ উদ্ধার করে।
সদর থানার ওসি হেলাল উদ্দীন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হত্যার ঘটনা স্বীকার করেছেন।
কালীগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে হোসনে আরা বেগমের সঙ্গে চায়ের দোকানি জোবায়দুল ইসলামের বিয়ে হয়। এরপর থেকে হোসনে আরাকে বিভিন্ন অজুহাতে মারধর করতেন জোবায়দুল। গত রোববার রাতেও হোসনে আরাকে মারধর করেন তিনি। পরদিন সোমবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে তিন-চার শ গজ দূরে একটি সেতুর নিচে হোসনে আরার লাশ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, হোসনে আরা বেগমের মামা মামলা করেছেন। এতে জোবায়দুল ইসলাম, তাঁর বাবা আবদুস ছাত্তার, মা জোবেদা বেগম ও এক ভাইকে আসামি করা হয়েছে। আবদুস ছাত্তার ও জোবেদাকে গ্রেপ্তার করে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়েছেন নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ এবং সিরাজগঞ্জ ও লালমনিরহাট প্রতিনিধি]