এক ভুয়া পরিচয়পত্রে ১৪ হাজার সিম!
একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ১৪ হাজার ১১৭টি মোবাইল সিম কার্ড নিবন্ধন করা হয়েছে। বর্তমানে চলমান সিমের নিবন্ধন যাচাই-বাছাই প্রক্রিয়ায় এমন অনিয়মের চিত্র পাওয়া গেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার সিম নিবন্ধনের চলমান কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে মন্ত্রণালয়ে মোবাইল অপারেটরদের প্রধান নির্বাহী, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি) কর্তৃপক্ষ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ সেলের (এনটিএমসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়।
সিম নিবন্ধনের তথ্যের গরমিলের বিষয়ে তারানা হালিম বলেন, এমন আরও তিনটি এনআইডি পাওয়া গেছে, যেগুলোর বিপরীতে ১১ হাজার ৮৬৬, ১১ হাজার ৩২৮ ও ৬ হাজার ১৭৯টি সিমের নিবন্ধন হয়েছে। এর মধ্যে বিভিন্ন অপারেটরের সিম রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, এখন পর্যন্ত এনআইডি কর্তৃপক্ষের কাছে এক কোটি সিমের নিবন্ধন তথ্য জমা দিয়েছে মোবাইল অপারেটররা। এর মধ্যে গ্রামীণফোন ২২ লাখ, বাংলালিংক ২৩ লাখ ৫৫ হাজার, রবি ১৮ লাখ, টেলিটক ১৬ লাখ, এয়ারটেল ১৪ লাখ, সিটিসেল ৪ লাখ সিমের নিবন্ধন তথ্য জমা দিয়েছে।
তারানা হালিম বলেন, যে এক কোটি সিমের তথ্য জমা পড়েছে, এর মধ্যে ২৩ লাখ ৪৩ হাজার ৬৮০টি সিম সঠিক জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে নিবন্ধন করা হয়েছে। আর বাকি ৭৫ লাখের ওপর সিম সঠিকভাবে নিবন্ধন করা হয়নি। মোবাইল অপারেটররা গত সোমবার পর্যন্ত গ্রাহকদের যে তথ্য এনআইডিকে দিয়েছে, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। দেশে বর্তমানে চালু থাকা মোট ১২ কোটি ৮৭ লাখ সিমের মধ্যে ৭ দশমিক ৬ শতাংশের তথ্য এনআইডিকে দিয়েছে মোবাইল অপারেটররা।
মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব টি আই এম নুরুল কবির গতকালের বৈঠক সম্পর্কে বলেন, ২০১২ সাল থেকে সিম নিবন্ধনে জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তাই এর আগে যেসব সিম বিক্রি হয়েছে, সেগুলোর একটি বড় অংশই জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত হয়নি। এত দিন এনআইডির তথ্যভান্ডারে তথ্য যাচাই করার সুযোগ মোবাইল অপারেটরদের ছিল না, এই চুক্তি হয়ে গেলে সিম নিবন্ধন নিয়ে আর অনিয়ম হবে না।
আগামী ১ নভেম্বর থেকে পরীক্ষামূলকভাবে সিম নিবন্ধনে বায়োমেট্রিক বা আঙুলের ছাপ পদ্ধতি চালু করার কথা জানান তারানা হালিম। আর ১৬ ডিসেম্বর থেকে এই পদ্ধতি চূড়ান্তভাবে চালু হবে। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে যাঁদের একাধিক সিম আছে, তাঁরা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০১২ সালের আগে যেসব সিম নিবন্ধন করা হয়েছে, সেসব সিমের মালিকানা নিশ্চিত করতে মোবাইল অপারেটররা গ্রাহকদের খুদে বার্তা পাঠাবে। এতে গ্রাহকের নাম, সঠিক জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখের তথ্য জানতে চাওয়া হবে।