প্রায় আড়াই মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আকতার ইসলামকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসকের বদলির আদেশে ওই ভূমি সহকারী কর্মকর্তাকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন ভূমি কার্যালয়ে যোগদান করতে বলা হয়।
স্থানীয় প্রশাসন সূত্র জানায়, গত ৮ জুলাই অফিস করার পর আর কর্মস্থলে আসেননি আকতারুল ইসলাম। ছুটি না নিয়ে কর্মস্থলের বাইরে থাকায় এক মাস আগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি সেই নোটিশের জবাব দেননি।
আকতারুল ইসলাম বলেন, ‘আমি অনেক দিন ধরে অসুস্থ। তাই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য এলাকার বাইরে আছি। চিকিৎসকের পরামর্শে আমি বাসায় বিশ্রাম করছি।’
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, ছুটি না নিয়ে কর্মস্থল ত্যাগ করায় ওই ভূমি সহকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি নোটিশের জবাব দেননি। বিষয়টি লিখিতভাবে অবহিত করার পর জেলা প্রশাসক তাঁকে শাস্তিমূলকভাবে হ্নীলায় বদলি করেছেন।