এক মালিকের তিন কারখানায় শিশু শ্রমিক ১২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত শিশু সাগর বর্মণ, সাগরের মা লাবণী বর্মণ (ডানে)।
নিহত শিশু সাগর বর্মণ, সাগরের মা লাবণী বর্মণ (ডানে)।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া সুতা তৈরির তিনটি কারখানা এখলাছ স্পিনিং মিলস, জোবেদা টেক্সটাইল মিলস ও আজহারুল স্পিনিং মিলসে অন্তত ১ হাজার ২০০ শিশু শ্রমিক কাজ করে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা)মোহাম্মদ জাকারিয়া এ তথ্য জানিয়েছেন।
জোবেদা টেক্সটাইল মিলসে সাগর বর্মণ (১০) নামের এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয় গত রোববার। এরপরই কারখানাগুলোতে শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহারের বিষয়টি প্রকাশ পায়। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো বলছে, কারখানায় শিশুদের শ্রমিক হিসেবে ব্যবহার করা হতো—এমন খবরে তাঁরা বার কয়েক কারখানা তিনটি পরিদর্শনের চেষ্টা করেছেন। তবে কর্তৃপক্ষের বাধার মুখে তাঁরা সেখানে যেতে ব্যর্থ হয়েছেন।
কারখানা তিনটির মালিক রূপগঞ্জের শিল্পপতি লায়ন মোজাম্মেল হক ও তাঁর পরিবার। শিশু শ্রমিক হত্যার ঘটনার পর থেকে কারখানার মালিকপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না। গতকাল মোজাম্মেল হকের মুঠোফোন নম্বরে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি।
সাগর বর্মণ হত্যার খবর পেয়ে র্যাব-পুলিশ গতকাল কারখানায় ঢুকে দেখতে পায় শত শত শিশু শ্রমিক সেখানে কাজ করছে। র্যাব-পুলিশ আসার আগেই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের হাজিরা খাতা সরিয়ে ফেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া গতকাল প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে জোবেদা টেক্সটাইল মিল থেকে পুলিশ ২৭ জন শিশু শ্রমিককে উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে বিস্তারিত অনুসন্ধান করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল জোবেদা টেক্সটাইল থেকে উদ্ধার করা শিশু শ্রমিকেরা l ছবি প্রথম আলো
গতকাল জোবেদা টেক্সটাইল থেকে উদ্ধার করা শিশু শ্রমিকেরা l ছবি প্রথম আলো

শ্রম আইন ২০০৬-এর ৩৪(১) ধারা অনুযায়ী, কোনো পেশায় বা কোনো প্রতিষ্ঠানে শিশুকে নিয়োগ করা যাবে না।
কারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) এ কে এম সামিউল আলম কুর্সি বলেন, জোবেদা টেক্সটাইল ও এখলাছ স্পিনিং মিল পরিদর্শন করে আগেই শিশু শ্রমিক ব্যবহারের তথ্য প্রমাণ পাওয়া গেছে। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে চলতি মাসের প্রথম সপ্তাহে শ্রম আদালতে মামলা করা হয়েছে। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কাজে শিশু শ্রমিকদের ব্যবহার, শ্রমিকদের নিয়োগ হাজিরা রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ করা হয় না এখানে। তবে কারখানা কর্তৃপক্ষ পরিদর্শনকালে সব সময় নানাভাবে বাধা সৃষ্টি করত।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম বলেন, কারখানা তিনটিতে শ্রম কর্মকর্তাদের বাধা দেওয়ার কথা তিনি গতকালই শুনেছেন। আগে তাঁকে জানানো হলে ব্যবস্থা নিতে পারতেন বলে দাবি করেন তিনি।
শ্রমিক অধিকারবিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘শিশু শ্রমিক নিয়োগের বিষয় নজরদারিতে শ্রম অধিদপ্তরের উদাসীনতা সব সময় দেখা যায়। শিশু শ্রমিক ব্যবহারের অপরাধে আজ পর্যন্ত কোনো মালিকের সাজা হয়েছে এমনটি দেখিনি।’