এক মাস পর লাশ উত্তোলন, ময়নাতদন্ত নিয়ে জটিলতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলায় দাফনের এক মাস পর গতকাল বৃহস্পতিবার কবর থেকে এক ব্যক্তির লাশ তুলেছে পুলিশ। কিন্তু নানা জটিলতায় এখন এই লাশটির ময়নাতদন্ত করা যাচ্ছে না।
মৃত ব্যক্তির নাম আমিনুর রহমান (৫৫)। আমিনুর রহমান মীরগঞ্জ ইউনিয়নের নিজপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন।
নিহত আমিনুর রহমানের ছেলে তহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, জমিজমা-সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে তাঁর বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চলতি বছরের ২৬ জুন রাতে তাঁর বড় চাচা ও পরিবারের অন্য সদস্যরা খাবারে বিষ মিশিয়ে তাঁর বাবাকে হত্যা করেন। পরদিন সকালে মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুকুম আলীর সহযোগিতায় তাঁরা তড়িঘড়ি করে তাঁর বাবার লাশ দাফন করেন। এ ঘটনায় ১৫ জনকে আসামি করে ৯ জুলাই জলঢাকা আমলি আদালতে মামলা করেন তহিদুল ইসলাম।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী জলঢাকা থানা মামলাটি রেকর্ড করে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রাশেদুল হক প্রধানের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়। এ সময় মামলার বাদীসহ মৃত আমিনুর রহমানের পরিবারের কয়েকজন সদস্য এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। তখন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কিন্তু গলিত লাশের ময়নাতদন্ত না করে হাসপাতাল কর্তৃপক্ষ সেটা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর পরামর্শ দিয়েছে। রংপুরে পাঠানোর জন্য আদালতের নির্দেশনা প্রয়োজন। নির্দেশনা পেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে লাশ পাঠানো হবে।