স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিট কর্মকর্তা ইউনুস মিজি যাত্রাবাড়ীর বাসা থেকে বেরিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে বাসে চড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। বাসের ভেতরে অজ্ঞান পার্টির কবলে পড়ে তিনি টাকা ও মুঠোফোন খোয়ান।
শাহজাহানপুরের ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আজিজুর রহমান গতকাল দুপুরে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মালিবাগের মৌচাকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ ২০ হাজার টাকা ও মুঠোফোন খুইয়েছেন।
শুধু ইউনুস ও আজিজুর রহমানই নন, রাজধানীতে প্রায় প্রতিদিনই কেউ না কেউ বিভিন্ন স্থানে অজ্ঞান পার্টির কবলে পড়ে কাছে থাকা অর্থ ও মূল্যবান সম্পদ খোয়াচ্ছেন। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটছে। নগরবাসীর কাছে অজ্ঞান পার্টি এখন আতঙ্কের নাম। হঠাৎ করেই এই চক্রের তৎপরতা বেড়ে গেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র বলেছে, গত নভেম্বর মাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে একজন নিহত ও ১০৪ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে গত দুই দিনেই অজ্ঞান পার্টির কবলে পড়ে কলেজশিক্ষক, প্রকৌশলীসহ ১২ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। অবশ্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্র বলেছে, গত ১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাজধানীতে অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির ৮২ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশও অজ্ঞান পার্টির তৎপরতা বৃদ্ধির কথা স্বীকার করেছে। ১ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে রাজধানীতে অজ্ঞান পার্টির তৎপরতা বেড়ে গেছে। অজ্ঞান পার্টির সদস্যরা ব্যবসায়ী, সিএনজিচালিত অটোরিকশার চালক, বাসযাত্রী এবং গ্রাম থেকে আসা লোকজনকে বিভিন্ন উপায়ে অজ্ঞান করে তাঁদের কাছ থেকে টাকা, মুঠোফোন ও জিনিসপত্র নিয়ে যাচ্ছে। ওই প্রতিবেদনে মন্তব্য করা হয়, অনতিবিলম্বে অজ্ঞান পার্টির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে আরও ব্যাপক আকারে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। অজ্ঞান পার্টির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রতিবেদনে সুপারিশ করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অডিট কর্মকর্তা ইউনুস মিজির ছেলে ইউসুফ গতকাল রাতে বলেন, তাঁর বাবা সচিবালয়ে কর্মস্থলে যাওয়ার পথে তুরাগ পরিবহনের একটি বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। পরে পরিবহনকর্মীরা বাস থেকে তাঁকে খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে নামিয়ে দেন। সেখানে ভিড় দেখে তাঁদের এক আত্মীয় গিয়ে তাঁর বাবাকে অচেতন অবস্থায় প্রথমে বাসায় নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কান্নাজড়িত কণ্ঠে ইউসুফ বলেন, চিকিৎসকেরা বলেছেন, তাঁর বাবার অবস্থা সংকটাপন্ন। তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া জরুরি। কিন্তু আইসিউর বিছানা খালি নেই। এখন পরিবারের সবাই তাঁর বাবাকে নিয়ে উৎকণ্ঠায় আছেন।
জানতে চাইলে গতকাল ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ঈদুল আজহা ও শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ডিবির কয়েকটি দল অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির অনেক সদস্যকে গ্রেপ্তার করেছিল। তাদের মধ্যে অনেকেই জামিনে বেরিয়ে এসে আবার পুরোনো পেশায় যুক্ত হয়েছে। অজ্ঞান পার্টির তৎপরতা রোধে আবারও জোরালো অভিযান শুরু হচ্ছে।