চট্টগ্রামে সিন্দুক থেকে উদ্ধার হওয়া সোনার বার ও ৬০ লাখ টাকার উৎস ও গন্তব্য সম্পর্কে এক মাসেও জানতে পারেনি পুলিশ। এই ঘটনায় রিয়াজউদ্দিন বাজার এলাকার এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হলেও এখনো তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম নগরের বিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটের ষষ্ঠ তলার দুটি কক্ষে অভিযান চালিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তিনটি সিন্দুক জব্দ করা হয়। পরে সেগুলো নগরের কোতোয়ালি থানায় নিয়ে খোলা হয়। তিনটি সিন্দুকের মধ্যে একটিতে ২৫০টি সোনার বার ও আরেকটিতে ৬০ লাখ টাকা পাওয়া যায়। অপর সিন্দুকে কিছুই পাওয়া যায়নি। এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আফতাব আহমেদ ব্যবসায়ী আবু আহমেদের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। বর্তমানে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী মামলাটি তদন্ত করছেন।
আদালতের নির্দেশে উদ্ধার করা সোনার বার ও টাকা বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের ভল্টে জমা রাখা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ব্যবসায়ী আবু আহমেদকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তাঁকে গ্রেপ্তার করা গেলে রহস্য উদ্ঘাটিত হবে। এ জন্য আবু আহমেদকে খুঁজছে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশ সূত্রের ভাষ্যমতে, আবু আহমেদ প্রসাধনী ব্যবসার আড়ালে হুন্ডি ও চোরাচালান ব্যবসা গড়ে তুলেছেন। এখান থেকে দেশের বিভিন্ন স্থানে তিনি সোনা পাচার করে থাকেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী বলেন, সোনার বার ও টাকাগুলোর উৎস ও গন্তব্য সম্পর্কে জানার চেষ্টা চলছে। তিনি বলেন, আবু আহমেদকে ধরতে নগর ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তিনি যাতে দেশ ছেড়ে যেতে না পারেন, সে জন্য দেশের বিমানবন্দরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
রিয়াজউদ্দিনবাজার তামাকুণ্ডি লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, ‘পুলিশকে যেকোনো ধরনের সহযোগিতা করতে সমিতি প্রস্তুত। যারা ব্যবসায়ীর ছদ্মবেশে চোরাচালানের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা হোক।’ তিনি বলেন, বেশ কিছু চোরাকারবারি রিয়াজউদ্দিন বাজারকে ব্যবহার করে ব্যবসা করছে। তাদের সম্পর্কে মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে।