এক মাসেও আসামি গ্রেপ্তার হয়নি বাদীকে হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের মামাতো-ফুপাতো দুই বোনের গণধর্ষণের ঘটনায় মামলা হওয়ার এক মাস পার হলেও পাঁচ আসামির একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে মামলা তুলে নেওয়ার জন্য বাদীর ওপর আসামিপক্ষ চাপ দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ওই মামলার পর এক মাস পার হলেও আসামিদের ব্যবহার করা দুটি মোটরসাইকেল জব্দ এবং এক আসামির বাবাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ ব্যাপারে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রামপ্রসাদ ভক্ত জানান, এখন পর্যন্ত এ মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গত মঙ্গলবার আসামি সিরাজ শেখের বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে তাঁকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে ধর্ষণ মামলার দুই আসামির বাবা বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার বাদী ফরিদপুরের পুলিশ সুপারকে এক লিখিত অভিযোগে জানান, গত সোমবার বেলা ১১টার দিকে বাদী বাড়ির পাশের একটি পাটখেতে কাজ করার সময় আসামি শুকুর আলী শিকদারের বাবা মুক্তার শিকদার ও সিরাজ শেখের বাবা জাহাঙ্গীর শেখ তাঁদের ছেলেদের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার হুমকি দিয়ে বলেন, না হলে এর জন্য তাঁকে পরিবারসহ চরম মূল্য দিতে হবে।
তবে বাদীর এ অভিযোগ প্রসঙ্গে জাহাঙ্গীর শেখ বা শুকুর আলী শিকদারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
গত ১৪ এপ্রিল এলাকার পাঁচ তরুণ স্কুলে পড়ুয়া দুই কিশোরীকে রাস্তা থেকে ধরে ভুট্টাখেতে নিয়ে গণধর্ষণ করে এবং মুঠোফোনে এর ভিডিওচিত্র ধারণ করে রাখে। প্রায় দেড় মাস পর ভিডিওচিত্রটি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদেশে গত ১১ জুন নির্যাতিত দুই বোনের একজনের বাবার দায়ের করা মামলাটি গ্রহণ করে চরভদ্রাসন থানা।