এক মাসেও মেরামত হয়নি ট্রান্সফরমার
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর গ্রামে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি ট্রান্সফরমার এক মাস আগে বজ্রপাতে বিকল হলেও এখনো মেরামত করা হয়নি।
ভুক্তভোগী গ্রাহকেরা বলছেন, ট্রান্সফরমারটি বিনা মূল্যে মেরামত করার নিয়ম থাকলেও পিডিবির এক কর্মকর্তা খরচের কথা বলে গ্রাহকদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছেন। গ্রামবাসী চাঁদা তুলে দাবি করা টাকার অর্ধেক দিয়েছেন। তবে বাকি টাকা না দেওয়ায় ট্রান্সফরমারটি এখনো মেরামত করা হয়নি।
এলাকাবাসী জানান, চরহোসেনপুর গ্রামের মোড়লবাড়ি এলাকায় মাস খানেক আগে বজ্রপাতে ১০০ কেভির একটি ট্রান্সফরমার বিকল হয়। পরে গ্রাহকেরা পিডিবির ঈশ্বরগঞ্জ উপজেলা আবাসিক কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। কিন্তু পিডিবির ঈশ্বরগঞ্জ কার্যালয়ের সহকারী হিসাবরক্ষক আবদুর রশিদ ট্রান্সফরমাটি মেরামতের জন্য গ্রাহকদের কাছে এক লাখ টাকা দাবি করেন। গ্রাহকেরা এক লাখ টাকা দিতে অপারগতা জানালে ৬০ হাজার টাকায় মেরামতের ‘চুক্তি’ হয়। ৩০ হাজার টাকা আবদুর রশিদকে দেওয়া হয়েছে। বাকি ৩০ হাজার টাকা না দেওয়ায় এখনো ট্রান্সফরমারটি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি পিডিবি।
কয়েকজন গ্রাহক জানান, আবদুর রশিদ নিজের কয়েকজন দালালকে দিয়ে গ্রাহকদের হুমকি দিয়ে বলছেন, যারা টাকা না দেবে, ট্রান্সফরমার মেরামতের পর তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। ওই ট্রান্সফরমারটির অধীনে ৭০ জন গ্রাহক রয়েছেন।
চরহোসেনপুর গ্রামের আবদুল আউয়াল বলেন, ‘ট্রান্সফরমার ঠিক করার জন্য আবদুর রশিদের কিছু দালাল আমার কাছে তিন হাজার টাকা দাবি করে। টাকা দিতে না চাইলে আমার বিদ্যুৎসংযোগ কেটে দেওয়ার হুমকি দেয় তারা।’
আবদুর রশিদ টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, দ্রুত ট্রান্সফরমারটি মেরামাতের ব্যবস্থা করা হবে।
পিডিবির ঈশ্বরগঞ্জ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মেহেদী হাসান বলেন, বিকল ট্রান্সফরমার টঙ্গীতে অবস্থিত কারখানায় মেরামত করা হয়। তাই সময় লাগছে। টাকা দাবির বিষয়ে তিনি বলেন, এ রকম অভিযোগ দুই দিন আগে তিনি শুনেছেন। অভিযোগের তদন্ত করা হবে।