এক মাসের ছুটি নিয়ে আট বছর অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা শহরের একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা এক মাসের ছুটি নিয়ে প্রায় আট বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁর পদটি এখনো শূন্য না হওয়ায় নতুন কাউকে নিয়োগও দেওয়া সম্ভব হয়নি। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় এবং ওই বিদ্যালয়ের দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, শহরের মোক্তারপাড়া এলাকার নেত্রকোনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামাজিকবিজ্ঞানের শিক্ষক ভগবতী কর্মকার আট বছর চার মাস ধরে অনুপস্থিত। ২০০৮ সালে ২২ মার্চ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি এক মাসের ছুটি নেন। এরপর থেকে আর বিদ্যালয়ে আসেননি। কয়েকজন শিক্ষক বলছেন, ভগবতী পরিবার নিয়ে বর্তমানে আমেরিকায় আছেন।

কয়েকজন শিক্ষকের অভিযোগ, ভগবতী অনেক দিন ধরে অনুপস্থিত থাকলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। অথচ নিয়ম অনুযায়ী ছুটির শেষ হওয়ার পরও অনুপস্থিত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। ভগবতীর পদটি এখনো শূন্য ঘোষণা করা হয়নি। কারণ, তিনি ইস্তফা না দিয়ে ছুটি নিয়ে গেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি যথাযথ সময়ে কর্তৃপক্ষকে জানালে এমন অবস্থা হতো না।

বিদ্যালয়ের দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিদ্যালয়ের দুটি শাখা মিলিয়ে মোট ১ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী আছে। বিদ্যালয়ের প্রভাতি শাখার সামাজিকবিজ্ঞান এবং দিবা শাখার শারীরিক শিক্ষার দুজন শিক্ষক প্রায় চার বছর ধরে ময়মনসিংহে প্রেষণে আছেন।

নাম প্রকাশ না করার শর্তে প্রভাতি ও দিবা শাখার অন্তত ১৫ জন শিক্ষার্থী বলে, সামাজিকবিজ্ঞান বিষয়টি প্রায় সব শ্রেণিতেই পড়ানো হয়। এ বিষয়ে দুজন শিক্ষক নেই। তাই মাঝেমধ্যে তাঁদের এ বিষয়ের ক্লাস হয় না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মালেক বলেন, তিনি এ বছরের ২৬ এপ্রিল এখানে যোগ দিয়েছেন। গত শনিবার শিক্ষকদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কয়েক দিনের মধ্যেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউসি) বরাবর ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হবে।

সাবেক প্রধান শিক্ষক মোহছিনা খাতুন বলেন, তিনি অনুপস্থিত শিক্ষক ভগবতী কর্মকারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। কিন্তু এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. ওয়ালী উল্লাহ বলেন, তিনি এ বিষয়ে খোঁজ নেবেন।