এক মিনিটে কেঁপে উঠল হোসেনি দালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হামলায় আহত মা রিনা বেগম ও শিশু হাসান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল ছবিটি তুলেছেন l সাবিনা ইয়াসমিন
পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হামলায় আহত মা রিনা বেগম ও শিশু হাসান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গতকাল ছবিটি তুলেছেন l সাবিনা ইয়াসমিন

শুক্রবার গভীর রাত, হোসেনি দালানের প্রাঙ্গণে তখন তিল পরিমাণ ফাঁকা নেই। মানুষ আর মানুষ। তাজিয়া মিছিলের প্রস্তুতি চলছিল। দল বেঁধে মাতম করছিল অনেকে। কেউবা দাঁড়িয়ে প্রস্তুতি দেখছিল। এর মধ্যেই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ। বেশ কয়েকজন মাটিতে লুটিয়ে পড়ল। ভয়ে চিৎকার করতে করতে এদিক-ওদিক ছোটাছুটি শুরু করেন নারী-পুরুষেরা। এর এক মিনিটের মধ্যে পরপর আরও দুটি বিস্ফোরণ ঘটে।
গত শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে পুরান ঢাকার হোসেনি দালানে হওয়া হামলার এ রকম বর্ণনাই দিয়েছেন প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত ব্যক্তিরা। এ ঘটনায় সাজ্জাদ হোসেন ওরফে সাঞ্জু (১৫) নামের এক কিশোর নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। হাসপাতালে ভর্তি লোকজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বলছে, হাতে তৈরি গ্রেনেড দিয়ে এ হামলা চালানো হয়েছে। শুক্রবার ভোরে কামরাঙ্গীরচর থেকে একই ধরনের গ্রেনেড উদ্ধার করে পুলিশ।
শনিবার সকালে রাজধানীতে অনুষ্ঠিত তাজিয়া মিছিল থেকে শুক্রবার রাতের হামলাকারীদের বিচার দাবি করা হয়।
ওই হামলার ঘটনায় গতকাল রোববার চকবাজার থানার উপপরিদর্শক মো. জালালউদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন। মামলায় ১১৫ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়। মামলাটি গতকাল রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ চারজনকে আটকের কথা জানিয়েছে। ঘটনা তদন্ত এবং ওই সময় পুলিশের দায়িত্বে অবহেলা ছিল কি না, তা নিরূপণের জন্য ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসানকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, বৃহস্পতিবার ঢাকার গাবতলীতে দারুসসালাম থানার এএসআই ইব্রাহিম মোল্লা হত্যার সঙ্গে হোসেনি দালানে হামলার যোগসূত্র রয়েছে। গাবতলীতে খুনের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা একজনের তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে যে পাঁচটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে, সেই একই রকম হাতে তৈরি গ্রেনেড তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হামলায় ব্যবহার করা হয়েছে।
শনিবার ঘটনাস্থলে গিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেন, ‘যে গ্রুপটা এএসআইকে হত্যা করেছে, হয়তো আরেকটা গ্রুপ এখানে অবস্থান নিয়েছে। সার্বিক নাশকতা চালানোর পরিকল্পনার অংশ এটা।’
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলারও দায় স্বীকার করেছে বলে শনিবার জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’। আইএসের পক্ষ থেকে দায় স্বীকার করার দাবি করা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল বিবিসি বাংলাকে বলেছেন, আইএস নয়, বরং ষড়যন্ত্রমূলকভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে শিয়া স্থাপনায় বিস্ফোরণ ঘটানো হয়েছে। সরকার কেন আইএসের কথিত এ দাবিকে গুরুত্ব দিচ্ছে না—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসলামিক স্টেট এখানে নিছক একটা প্রোপাগান্ডা। বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।’ তিনি বলেন, ‘বাংলাদেশে আসলে যারাই আইএস, তারাই জেএমবি, তারাই হুজি, তারাই আবার আনসারুল্লাহ্ বাংলা টিম।’
এর আগে ঢাকা ও রংপুরে দুই বিদেশি হত্যার দায় স্বীকার করেও আইএসের নামে বিবৃতি দেওয়া হয়েছিল। যদিও পুলিশ বলেছিল, বাংলাদেশ থেকেই আইএসের নামে দায় স্বীকার করে টুইট করা হয়েছে।
১০ মহররম হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.)-এর শহীদ হওয়ার দিনকে শিয়া সম্প্রদায়ের মানুষ ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করে। এর কয়েক দিন আগে থেকেই হোসেনি দালানকে কেন্দ্র করে নানা অনুষ্ঠান পালন করা হয়। এখান থেকে বের হয় তাজিয়া মিছিল। সুন্নি সম্প্রদায়ের অনেকে সেখানে যান। শুক্রবার দিবাগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে গ্রেনেড হামলা হয়। এ সময় হোসেনি দালানে তাজিয়া মিছিল বের করার প্রস্তুতি চলছিল। তাজিয়া মিছিলে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল শিশুসহ বিভিন্ন বয়সের নারী-পুরুষ।
ঘনবসতিপূর্ণ পুরান ঢাকায় তিন একর জমির ওপর অবস্থিত হোসেনি দালান ইমামবাড়া। রাস্তাসংলগ্ন মূল ফটক দিয়ে ঢোকার পরেই নহবতখানা-সংলগ্ন আরও দুটি ফটক। ওই ফটক দিয়ে ঢুকলে বাঁ পাশে বাগান, ডান পাশে শিয়া সম্প্রদায়ের কবরস্থান। ফটক থেকে ১০০ গজ গেলে ইমামবাড়ার মূল ভবন। পুলিশ বলছে, ওই কবরস্থানের ভেতর থেকে গ্রেনেড ছোড়া হয়েছে। কবরস্থানের ভেতর থেকে গ্রেনেডের চারটি পিন উদ্ধার করা হয়।
হোসেনি দালানের ঘোড়ার আস্তাবলের (জুলজানা) দায়িত্বে থাকা সৈয়দ জামিল রেজা প্রথম আলোকে বলেন, ইমামবাড়ায় তখন মানুষ আর মানুষ। মানুষের ভিড় বকশীবাজার পর্যন্ত গিয়ে পৌঁছেছে। ইমামবাড়ায় তিল ধারণের জায়গা নেই। নহবতখানার সামনে তাজিয়া মিছিলে যাওয়ার জন্য দুটি ঘোড়া প্রস্তুত করা হচ্ছিল। মানতকারী অনেকে তাঁদের শিশুসন্তান নিয়ে এসেছিলেন। এ সময় হঠাৎ পরপর কয়েকটি বিস্ফোরণ। অনেক মানুষ লুটিয়ে পড়ে। আতঙ্কিত মানুষ দিশেহারা হয়ে ছুটতে থাকে। স্বেচ্ছাসেবীরা আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
আরেক প্রত্যক্ষদর্শী সৈয়দ নাঈম হোসেন বলেন, ‘আমি ঘোড়া নিয়ে ছিলাম। হঠাৎ মনে হলো চোখের সামনে দিয়ে কিছু একটা গেল। মুহূর্তেই বিকট শব্দ। পেছনে দেখি কেউ নাই, সবাই বাঁ দিকে চলে যাচ্ছে। তখন চারজনকে পড়ে থাকতে দেখি। এই পরিস্থিতিতে আমিও ঘোড়া নিয়ে ঘোড়া রাখার ঘরে যাই। তখন দেখি, নিজের পায়ে রক্ত ঝরছে। কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স এলে কয়েকজনকে উঠিয়ে দিই। আমিও ঢাকা মেডিকেলে গিয়ে চিকিৎসা নিই।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অনেকে মাটিতে লুটিয়ে পড়ে। অনেকে দৌড়ে নিরাপদ আশ্রয়ে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে। কেউ আবার পদদলিত হয়। কিছুসংখ্যক মানুষ হোসেনি দালানের মূল ভবনে আশ্রয় নেয়। পুরো এলাকা আর্তনাদ-চিৎকারে ভারী হয়ে ওঠে। অক্ষত লোকজন ও আশপাশের বাসিন্দারা যে যেভাবে পারে মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা, ভ্যান ও অ্যাম্বুলেন্সে করে আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল, মিটফোর্ড হাসপাতাল ও আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার কিছুক্ষণ পরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েক শ মানুষ ভিড় জমায়। আহত ব্যক্তিদের কান্না, আর্তনাদ আর তাদের সঙ্গে আসা লোকজনের হইচই ও চিৎকারে পুরো হাসপাতাল সরগরম হয়ে ওঠে। গভীর রাতে হঠাৎ করে একসঙ্গে এত আহত মানুষের ভিড় সামাল দিতে কঠিন পরিস্থিতির মুখে পড়েন জরুরি বিভাগের চিকিৎসকেরা। চিকিৎসার অপ্রতুলতার অভিযোগ ওঠে।
শুক্রবার রাত পৌনে তিনটায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পর্যবেক্ষণকক্ষে গিয়ে দেখা যায়, সারি সারি বিছানায় ও ট্রলিতে আহত ব্যক্তিরা রক্তাক্ত অবস্থায় ছটফট করছে। একেকটি ট্রলিতে দুজন ও বিছানায় তিনজন করে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারও হাত, কারও পা ও শরীরের বিভিন্ন স্থানের ক্ষতে চিকিৎসকেরা ব্যান্ডেজ করছেন। কাউকে কাউকে স্যালাইন দেওয়া হচ্ছে। কেউ চিৎকার করছে, ‘ডাক্তার কই’। আহত অনেকের স্বজন কাঁদছে। কেউ আবার অন্য হাসপাতালে রোগী নিতে যানবাহনের জন্য ছোটাছুটি করছে।
রাত সাড়ে তিনটায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাবেয়া খন্দকার প্রথম আলোকে বলেন, অন্তত ১০০ জনকে তাঁরা চিকিৎসা দিয়েছেন। হাসপাতালের টিকিট কেনেনি—এমন অনেককেই তাঁরা চিকিৎসা দিয়েছেন। প্রায় সবার আঘাত হাত-পা, পেট ও মুখমণ্ডলে।
গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রক্তের দাগ শুকিয়ে কালচে হয়ে গেছে। স্থানটি ইট দিয়ে ঘিরে রাখা হয়েছে, যা সাক্ষ্য দিচ্ছে ৩৬ ঘণ্টা আগে ঘটে যাওয়া ওই ভয়াবহ হামলার।
পুলিশ বলেছে, শুধু হোসেনি দালান চত্বরে ৫০০ পুলিশ সদস্যের পাশাপাশি ৫০ জন র্যা ব সদস্য মোতায়েন ছিলেন। হোসেনি দালানের ১ নম্বর ফটকে ছিল পুলিশ ও র্যা বের পাহারা। আশপাশের বাড়ির ছাদে, অলিগলিতে পুলিশের পাহারা ও বিশেষায়িত সোয়াট টিমের টহল। নহবতখানার দু-তিন গজের মধ্যে শতাধিক পুলিশ সদস্য বসা ও দাঁড়ানো ছিলেন। পুরো চত্বর ছিল জনাকীর্ণ। নহবতখানার সামনে প্রথম বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ৩২টি সিসি ক্যামেরার ফুটেজ ও আনুষঙ্গিক বিশ্লেষণ করে পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, কবরস্থানের কোনা থেকে একজন ব্যক্তি পিন খুলে গ্রেনেডগুলো ছুড়ে মারে। তার সঙ্গে সহযোগী বা গ্রেনেড বহনকারী হিসেবে এক বা একাধিক ব্যক্তি থাকার সম্ভাবনা রয়েছে। একাধিক ব্যক্তি গ্রেনেড ছুড়লে একসঙ্গে কয়েকটি বিস্ফোরণ হতো। কিন্তু বিস্ফোরণগুলো হয়েছে পরপর, কয়েক সেকেন্ডের ব্যবধানে। এ ছাড়া হোসেনি দালানে আগত কয়েকজন কবরস্থানের ভেতর থেকে গ্রেনেড ছুড়তে দেখেছে বলে কর্মকর্তাদের জানিয়েছে। ঘটনার সময়কার ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকটি শিশু হামলাকারীদের দেখে আঙুল দিয়ে অন্যদের দেখাচ্ছে। তবে সিসিটিভির ফুটেজে হামলাকারীর ছবি স্পষ্ট আসেনি। হামলার পর কবরস্থান-সংলগ্ন প্রাচীর টপকে হামলাকারীরা পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। সেখানকার কিছু অংশের প্রাচীরের উচ্চতা অন্যান্য অংশের প্রাচীরের উচ্চতার চেয়ে কম। নতুন চুনকাম করা দেয়ালের ওই অংশে বেশ কিছু পায়ের ছাপও পাওয়া গেছে।