নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেনিখালী নদের ওপর সেতু নির্মিত হয়েছে এক যুগ আগে। কিন্তু এখনো সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। এর ফলে দুর্ভোগে আছেন ১৫ গ্রামের মানুষ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০০৩ সালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক হাটের সামনে মেনিখালী নদের ওপর সেতুটি নির্মাণ করে। এটি মূলত সম্ভুপুরা ইউনিয়নের মুগারচর, রামগোবিন্দেরগাঁও, মনাইরকান্দি, চৌধুরীগাঁও, হোসেনপুর, চেলারচর, একরামপুর, নবীনগর, এলাহীনগর, ফতেপুর, দড়িগাঁও, সম্ভুপুরাসহ ১৫ গ্রামের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে সেতুটি নির্মাণ করা হয়েছিল।
কিন্তু আজ অবধি সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মিত হয়নি। ১২ বছর ধরে সেতুর ওপর দিয়ে হেঁটে চলাচল করছেন মানুষ। সেতুর দুই পাশের অপ্রশস্ত কাঁচা মাটির সড়ক দিয়ে মাঝেমধ্যে রিকশা ও ভ্যানযোগে মালামাল আনা-নেওয়া করা হয়। সেতুর ওপর দিয়ে রিকশা বা ভ্যানে যেতে হলে পেছন দিকে ধাক্কা দিয়ে যানটি সেতুতে ওঠাতে হয়। বৃষ্টি হলে সেতুর দুই পাশের রাস্তা কাদায় ভরে যায়। তখন দুর্ভোগের শেষ থাকে না মানুষের।
মুগারচর গ্রামের গণি মিয়া ও রামগোবিন্দেরগাঁও গ্রামের আলম চান বলেন, ১৫ গ্রামের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। অথচ এটি অকার্যকর হয়ে আছে। মাত্র ১০ থেকে ২০ লাখ টাকা খরচ করলেই সংযোগ সড়ক নির্মাণ সম্ভব। এই সংযোগ সড়কের জন্য আন্দোলন করে ১৫ গ্রামের মানুষ এখন ক্লান্ত। এলজিইডির প্রকৌশলী ও জনপ্রতিনিধিরা সংযোগ সড়ক নির্মাণে বারবার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেননি।
সম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিবুল্লাহ মিয়া বলেন, ‘সংযোগ সড়কের জন্য এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মানববন্ধন করেছি। প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু কর্মকর্তারা কথা দিয়েও রাখেননি।’
জানতে চাইলে এলজিইডির উপজেলা প্রকৌশলী নূর নবী পাঠান বলেন, সংযোগ সড়কটি নির্মাণ জরুরি। বিষয়টি এলজিইডির প্রধান কার্যালয়কে বিভিন্ন সময়ে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো অর্থ বরাদ্দ আসেনি।