এক যুগ্ম সচিব, দুই উপসচিবসহ ৫৩ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্য পরিদর্শক পদে ৪৪ জনকে নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে একজন যুগ্ম সচিব, দুজন উপসচিব, খাদ্য অধিদপ্তরের একজন পরিচালকসহ মোট ৫৩ জনকে আসামি করা হয়েছে। প্রকৃত মেধাবীদের বঞ্চিত করে অনিয়মের মাধ্যমে অযোগ্যদের নিয়োগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
গতকাল বুধবার শাহবাগ থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক ও অভিযোগটির অনুসন্ধান কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক। দুদকের উপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়, খাদ্য অধিদপ্তরের তৃতীয় শ্রেণির ১০টি ক্যাটাগরিতে ১ হাজার ৫৫২টি শূন্য পদ পূরণের জন্য ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রার্থীদের আবেদনপত্র তালিকাভুক্ত করাসহ ফলাফল প্রকাশ পর্যন্ত যাবতীয় কাজের জন্য তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট প্ল্যানার্স অ্যান্ড কনসালট্যান্টসের (ডিপিসি) সঙ্গে অধিদপ্তরের চুক্তি হয়।
অনুসন্ধানে দেখা গেছে, অধিদপ্তরের বিভাগীয় বাছাই কমিটির পাঁচজন সদস্য ও ডিপিসির চারজন কর্মকর্তা-কর্মচারী অবৈধভাবে অযোগ্য প্রার্থীদের চাকরির সুযোগ করে দিয়েছেন। পরীক্ষায় ফলাফল প্রকাশে কম্পিউটার সফটওয়্যার পরিবর্তন করে মেধাবীদের বাদ দিয়ে অযোগ্যদের ফলাফলে অধিক নম্বর প্রাপ্তি দেখিয়ে ৪৪ জনকে চাকরি দেওয়া হয়েছে।
মামলায় অধিদপ্তরের বিভাগীয় বাছাই কমিটির পাঁচজন সদস্য, ডিপিসির চারজন কর্মকর্তা-কর্মচারী এবং নিয়োগ পাওয়া ৪৪ জন খাদ্য পরিদর্শককে আসামি করা হয়েছে।
এজাহারভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন খাদ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (প্রশাসন) ও বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি (বর্তমানে পরিচালক-সংগ্রহ) ইলাহী দাদ খান, খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব (বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব) নাসিমা বেগম, সরকারি কর্মকমিশনের সাবেক উপপরিচালক ও উপসচিব মাহবুবুর রহমান ফারুকী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ইফতেখার আহমেদ ও সিনিয়র সহকারী সচিব রোকেয়া খাতুন, ডিপিসির ব্যবস্থাপক (প্রশাসন) আইউব আলী, সাবেক সিস্টেম অ্যানালিস্ট আসাদুর রহমান, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার আরিফ হোসেন ও অ্যাসিস্ট্যান্ট ডেটাবেজ অ্যাডমিন আবুল কাসেম।