এক যুবককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

ঝিনাইদহের এক যুবককে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করা হয়।
ওই যুবকের নাম এনামুল হক (৩০)। পেশায় গাড়ির মেকানিক। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বড়-কামারকুন্ডু গ্রামের দিনমজুর আলী হোসেনের ছেলে। দিয়াবাড়ি সিএনজি স্ট্যান্ডের একটি গাড়ির গ্যারেজে কাজ করতেন। থাকতেন ওই এলাকারই কালা মিয়ার মার্কেটসংলগ্ন শাহজাহান মাতবরের বাসায়। ওই বাসা থেকেই গত ৩১ মে মধ্যরাতে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের অভিযোগ।
সংবাদ সম্মেলনে এনামুলের স্ত্রী শারমিন বেগম বলেন, ওই দিন রাত ১০টা পর্যন্ত স্বামীর সঙ্গে তাঁর কথা হয়। সকালে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। খোঁজ নিয়ে জানতে পারেন রাতে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
এনামুলের সঙ্গে একই কক্ষে থাকতেন ঝিনাইদহের গোয়ালপাড়া এলাকার রাজু বিশ্বাস। উত্তরা এলাকায়ই তিনি গাড়ি চালান। গতকাল মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, তিনি, এনামুল ও সাখাওয়াত নামে আরেক গাড়িচালক একই কক্ষে থাকেন। ওই রাতে তাঁরা ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ১টার দিকে কক্ষের দরজায় করাঘাতের শব্দ পান। এনামুল দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে ১০ থেকে ১২ জন ব্যক্তি নিজেদের ‘প্রশাসনের লোক’ পরিচয় দিয়ে ঘরে ঢুকে পড়েন। এনামুলকে লক্ষ করে জিজ্ঞেস করে ‘তোর নাম কি মাসুম?’ এনামুল বলে না, এনামুল। তখন তাঁরা বলেন, ‘আমরা তো জানি তোর নাম এনামুল, তোকে দিয়ে নাম বলিয়ে নিলাম। তোকে ধরার জন্য অনেক দিন ধরে ঘুরতেছি।’ এরপর তাঁরা তাঁকে নিয়ে চলে যান।
সংবাদ সম্মেলনে এনামুলের স্ত্রী শারমিন বেগম কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, তাঁর স্বামীর নামে কোথাও কোনো মামলা নেই। তাঁদের চার বছরের মেয়ে সুমাইয়া আক্তার সারাক্ষণ পথের দিকে চেয়ে আছে কখন তার বাবা আসবে।
এনামুল হকের বাবা আলী হোসেন জানান, ছেলে নিখোঁজের পর তাঁরা তুরাগ থানায় গিয়েছিলেন। সেখানে যোগাযোগ করলে পুলিশ জানিয়েছে, এনামুল হক নামের কাউকে আটক করেনি। তাঁরা ওই থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করেছেন।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদা প্রথম আলোকে বলেন, ‘আমিও শুনেছি। দেখতেছি বিষয়টা।’