এক রাতে তিন দোকানে চুরি, ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর শহরের সোনালী ব্যাংক মোড়ের তিনটি দোকানের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে গতকাল মঙ্গলবার ব্যবসায়ীরা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। এ ছাড়া তাঁরা এ ঘটনায় পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছেন। গত রোববার রাতে ওই চুরির ঘটনা ঘটে।
শহরের সোনালী ব্যাংক এলাকা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ব্যবসায়ীরা গতকাল দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সমাবেশ করেন তাঁরা। সমাবেশে সভপতিত্ব করেন আয়োজক ব্যবসায়ী সংগঠনের আহ্বায়ক উৎপল সরকার। বক্তব্য দেন ব্যবসায়ী মারুফ আহমেদ, হাসান ফারুক, মাসুদ করিম, শরিফ রেজা প্রমুখ।
সমাবেশে বক্তারা শহরের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি টহল থাকার পরও এক রাতে তিনটি দোকানের তালা ভেঙে চুরি হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, ব্যবসায়ীদের জানমালের নিরাপত্তা দিতে হবে। শহরে পুলিশি টহল জোরদার করতে হবে। চুরি হওয়া মালামাল উদ্ধার করে দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে হবে।
পুলিশ সুপারের কাছে দেওয়া স্মারকলিপি থেকে জানা যায়, রোববার দিবাগত রাতে শহরের সোনালী ব্যাংক মোড়ে অবস্থিত শাহাদত টুলস, পলাশ স্টোরস ও ফজলু স্টোর—এই তিনটি দোকানের তালা ভেঙে মোটর পার্টসসহ মালামাল চুরি করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ঘটনা শুনেছি। তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি। চুরির সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’