এক রাতে তিন বাড়িতে ডাকাতি, আহত ৫
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত শুক্রবার দিবাগত রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় পাঁচজন আহত হয়েছেন। ডাকাতেরা ওই তিন বাড়ি থেকে ১১ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে গৃহকর্তারা দাবি করেছেন।
এলাকার কয়েকজন জানান, শুক্রবার গভীর রাতে ১৫-২০ জন ডাকাত দরজা ভেঙে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে ঢুকে দেড় লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকারসহ পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় বাদশা মিয়া ও তাঁর স্ত্রী রাবেয়া আক্তার আহত হন।
রাত দুইটায় আষাঢ়িয়ারচর গ্রামের ব্যবসায়ী আতিকুর রহমানের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা ওই বাড়ি থেকে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনের সেটসহ দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় ডাকাতদল আলমগীর হোসেন নামে একজনকে পিটিয়ে আহত করে।
রাত চারটার দিকে একদল ডাকাত দরজা ভেঙে মৃধাকান্দি গ্রামের ব্যবসায়ী আবদুল বারেকের বাড়িতে ঢোকে। তারা ওই বাড়ি থেকে দেড় লাখ টাকা, স্বর্ণালংকারসহ চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ায় ডাকাতেরা আবদুল বারেককে কুপিয়ে আহত করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, ডাকাতির ঘটনার লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।