এক রাতে দুটি ডাকাতি হামলায় আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ডোমারচর গ্রামে ও আড়াইহাজার-উচিৎপুরা সড়কের হাজি বেলায়েত কলেজের সামনে গত সোমবার রাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন তিনজন। তাঁদের
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সিএনজিচালিত অটোরিকশার চালক নজু মিয়া বলেন, সোমবার রাত সাড়ে আটটার দিকে বেলায়েত কলেজের সামনে তাঁরটিসহ তিনটি অটোরিকশার গতিরোধ করে সাত-আটজনের ডাকাত দল। তারা যাত্রীদের মুঠোফোন, টাকাসহ সর্বস্ব লুটে নেয়।
নজু মিয়া আরও জানান, এরপর ডাকাত দল খাগকান্দা নৌ-ফাঁড়ি পুলিশের একটি গাড়িকে থামার জন্য সংকেত দেয়। গাড়িতে পুলিশের অবস্থান টের পেয়ে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা বলেন, একই রাত পৌনে দুইটার দিকে ডোমারচর গ্রামের গনি মিয়ার বাড়িতে ডাকাত দল হানা দেয়। তাদের বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে ও ককটেল বিস্ফোরণে গৃহকর্তা গনি মিয়া (৫৫) এবং তাঁর দুই ছেলে নুরুল ইসলাম (২০) ও শফিকুল ইসলাম (১৮) আহত হন। তাঁদের চিৎকারে এলাকাবাসী জড়ো হলে ডাকাত দল পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন গতকাল মঙ্গলবার বলেন, ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।