এক রাতে পাঁচ বাড়িতে ডাকাতি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মইনপুর গ্রামে তিন বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। একই রাতে লক্ষ্মীপুরের রায়পুরে দুই বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা ওই পাঁচ বাড়ি থেকে স্বর্ণালংকারসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত তিনটার দিকে কায়েমপুর ইউনিয়নের মইনপুর গ্রামের খন্দকার রফিকুল ইসলামের বাড়ির লোহার গেট ও দরজা ভেঙে ২০-২৫ জনের একদল ডাকাত ঘরে ঢোকে। তারা ওই বাড়ি থেকে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকার ও তিনটি মুঠোফোন লুট করে। পরে একই কায়দায় ডাকাতেরা খন্দকার হেলাল উদ্দিনের বাড়িতে ঢুকে নগদ ২০ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও দুটি মুঠোফোন লুট করে। এরপর খন্দকার মহসিন মিয়ার বাড়ি থেকে ডাকাতেরা চার ভরি স্বর্ণালংকার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে। ভোর পাঁচটার দিকে ডাকাত দলটি একই গ্রামের খন্দকার ফয়জুল্লাহ মিয়ার ঘরের গেট ভাঙার সময় বাড়ির লোকজন চিৎকার করেন। ওই পরিবারের সদস্যরা মুঠোফোনে গ্রামের লোকজনকে খবর দেন। গ্রামের লোকজন এলে ডাকাত দলটি পালিয়ে যায়। কসবা থানার ওসি মহিউদ্দিন আহাম্মদ ও কায়েমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার গতকাল মঙ্গলবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কসবা থানার ওসি মহিউদ্দিন আহাম্মদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত দুটি পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে একদল ডাকাত দরজা ভেঙে পূর্ব চরপাতা গ্রামের কাজী আবদুর রহিমের ঘরে ঢোকে মুঠোফোন, নগদ টাকাসহ মালামাল নিয়ে যায়। এর আগে রাত দুইটার দিকে একই গ্রামের মোল্লাবাড়ির মো. মোমিন মিয়ার বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা মোমিন মিয়ার পরিবারের লোকজনকে মারধর করে সোনা, নগদ টাকাসহ চার লাখ টাকার মালামাল নিয়ে যায়।