এক রাতে পাঁচটি দপ্তরে চুরি
পটুয়াখালীর বাউফল উপজেলায় পাঁচটি সরকারি দপ্তরে গত সোমবার দিবাগত রাতে চুরি হয়েছে। এসব দপ্তর থেকে অর্ধলক্ষ টাকা চুরি ও কাগজপত্র তছনছ করা হয়েছে।
এর আগে শনি ও রোববার রাতে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানসহ ছয়টি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে।
যেসব কার্যালয়ে চুরি হয়েছে সেগুলো হলো উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়, সমাজসেবা কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়, হিসাবরক্ষণ কার্যালয় ও দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কার্যালয়। চোরেরা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কার্যালয় থেকে ১৫ হাজার টাকা ও প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে ৩৫ হাজার টাকা নিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, সব দপ্তরেরই দরজায় লাগানো তালা ভেঙে চুরি হয়েছে। চোরেরা আলমারি ভেঙে টাকাপয়সা নিয়ে কাগজপত্র তছনছ করে ফেলে রেখে যায়।
এলাকাবাসী জানায়, এর অগে রোববার রাতে বাউফল পৌরসভার দালাল মার্কেটের তালুকদার সুজ, পাবলিক মাঠ-সংলগ্ন শহিদের চায়ের দোকান, শফিকের প্রসাধনীর দোকান, বাংলাবাজার এলাকার জামে মসজিদ এবং শনিবার রাতে বাউফল সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয় ও বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের কার্যালয়ের তালা ভেঙে চুরির ঘটনা ঘটে।
বাউফল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা ৯৮ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। এ ঘটনায় মামলা করা হবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, চুরির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।