এক রাতে বাজারের ছয়টি দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি বাজারে এক রাতে ছয় দোকানে চুরি হয়েছে। চোরের দল শীতের কাপড়সহ বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও রায়গঞ্জ থানা-পুলিশ সূত্র জানায়, গত বুধবার দিবাগত রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজারে চোরেরা হানা দিয়ে আব্দুর রশিদ, দীপক সাহা, স্বাধীন সাহা, বংশী সাহা, ইলিয়াস হোসেন ও দুলাল হোসেন শেখের দোকান থেকে শীতের কাপড়, শাড়ি ও বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এসব মালামালের দাম প্রায় সাত লাখ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ গ্রামপাঙ্গাসীর ভুট্টো শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস বলেন, চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরেরা উপজেলাজুড়ে আতঙ্ক তৈরির জন্য একের পর এক চুরির ঘটনা ঘটিয়ে যাচ্ছে।
এর আগে সোমবার ও মঙ্গলবার রাতে উপজেলা সদরের ধানগড়া বাজারের সাতটি দোকানে হানা দিয়ে চোরেরা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। উপজেলার বিভিন্ন এলাকার বাজারের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ব্যবসায়ীরা পাহারার ব্যবস্থা করছেন।