এক রাতে ৮ বাড়িতে ডাকাতি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ও চান্দ্রা ইউনিয়নের সাউতিকান্দা, বামনকান্দা, পাইকদিয়া ও মালিগ্রাম গ্রামের আট বাড়িতে গত বৃহস্পতিবার এক রাতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতেরা ওই বাড়িগুলো থেকে নগদ ৩ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকার ও ১৫টি মোবাইল ফোন সেটসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে গেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত একটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত একে একে সাউতিকান্দা গ্রামের সৌদিপ্রবাসী শাহাদাত শেখ, একই ইউনিয়নের বামনকান্দা গ্রামের পল্লি চিকিৎসক মোতালেব, কুটি মিয়া, মামুন খান, শাহজাহান শেখ, পাইকদিয়া গ্রামের দলিলউদ্দিন মিয়া এবং মালিগ্রামের মতিয়ার রহমান ও করিম শেখের বাড়িতে হানা দেয়।
ডাকাতেরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই বাড়িগুলোর লোকজনকে জিম্মি করে নগদ তিন লক্ষাধিক টাকা, ২০ ভরি স্বর্ণালংকার ও মুঠোফোনের ১৫টি সেটসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়। বাধা দিলে ডাকাতেরা শাহদাতের বাবা মোহাম্মদ আলী (৬০) ও তাঁর ছেলে মাওলাকে (২৫) কুপিয়ে আহত করে। পরে তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। আহত ব্যক্তিদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে ককটেল ফাটিয়ে ডাকাতেরা পালিয়ে যায়।