এক রিকশাচালকের ঘুষিতে আরেক চালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরাঙ্গীরচরে নুরুজ্জামান নামের এক রিকশাচালকের ঘুষিতে নবী হোসেন (৩২) নামের অন্য এক রিকশাচালকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে কামরাঙ্গীরচরের মমিনবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় গতকাল সোমবার বেলা ১১টার দিকে নুরুজ্জামানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নবীর বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কালীপুর ভূঁইয়ার হাটি গ্রামে৷ তাঁর বাবা আবদুল ফরিদ৷ নুরুজ্জামানের বাড়িও একই উপজেলার চানপুর সাছনা বাজারে৷
কামরাঙ্গীরচর থানা-পুলিশ সূত্র জানায়, নবী ও নুরুজ্জামান মমিনবাগ এলাকায় থাকতেন। কয়েক মাস আগে নুরুজ্জামানের কাছ থেকে এক হাজার টাকা ধার নেন নবী। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে মমিনবাগের ৮ নম্বর গলিতে নবীর কাছে এই টাকা ফেরত চান নুরুজ্জামান। এ সময় পুরো টাকা দিতে অপারগতা প্রকাশ করেন নবী। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নবীকে মারধর করেন নুরুজ্জামান। এতে নবী অচেতন হয়ে পড়লে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটায় রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা নবীকে মৃত ঘোষণা করেন।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম প্রথম আলোকে বলেন, গতকাল সোমবার সকালে নুরুজ্জামানকে আটক করা হয়। পরে নবীর স্ত্রী রেনু বেগম বাদী হয়ে নুরুজ্জামানের বিরুদ্ধে ৩০২ ধারায় কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করেন। লাশ ময়নাতদন্ত শেষে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।