এক লাখ ইয়াবা বড়িসহ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা বড়িসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার মোহাম্মদ হোসেন। ছবি: সংগৃহীত
ইয়াবা বড়িসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার মোহাম্মদ হোসেন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে এক লাখ ইয়াবা বড়িসহ মোহাম্মদ হোসেন (৩৫) নামের একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭ টেকনাফ ক্যাম্প-১-এর সদস্যরা। 

গতকাল মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়াপাড়ার নিজ বাড়ি থেকে মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এলাকাবাসীর ভাষ্য, মোহাম্মদ হোসেন মাছ ব্যবসার পাশাপাশি এলাকায় একটি ভিডিও গেমসের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এই কাজ করছিলেন। তবে শেষমেশ বড় একটি চালানসহ র‍্যাবের হাতে ধরা পড়লেন।

র‍্যাব সূত্রে জানায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান এনে মোহাম্মদ হোসেন নিজ বাড়িতে মজুত করেছেন বলে তথ্য পাওয়া যায়। গত রাতে র‍্যাব-৭ টেকনাফ ক্যাম্প-১-এর ইনচার্জ লেফটেন্যান্ট (বিএন) মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে বাড়িটিতে অভিযান চালানো হয়। মাদক ব্যবসায়ী মোহাম্মদ হোসেনকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যে বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাভর্তি একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে এক লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়।

র‍্যাব কর্মকর্তা মির্জা শাহেদ মাহতাব প্রথম আলোকে বলেন, মোহাম্মদ হোসেন একজন মাদক ব্যবসায়ী। এক লাখ ইয়াবা বড়িসহ তাঁকে ধরা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, আজ বুধবার দুপুরের দিকে মোহাম্মদ হোসেনকে কক্সবাজার বিচারক হাকিম আদালতে পাঠানো হবে।