বেশ নিখুঁতভাবে জাল টাকার নোট তৈরি করে থাকে বাদশা কোম্পানি। তাই কোম্পানির প্রধান বাদশা মিয়ার বেশ সুনাম। এ জন্য বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়লেও জামিনে ছাড়া পেয়ে পুরোনো পেশায় ফিরে যান তিনি।
আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ১ কোটি ২০ লাখ টাকার জাল নোটের চালান বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল বাদশা মিয়ার। কিন্তু গত ৩১ আগস্ট রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে ডিবি পুলিশ বাদশা মিয়াসহ ছয়জনকে গ্রেপ্তার করে। অন্য পাঁচজন হলেন আবদুল জলিল, জয়নাল খন্দকার, বায়েজিদ বোস্তামি, মো. মহসিন ও মো. সোহাগ। তাঁদের কাছ থেকে জাল নোট তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় আদাবর থানায় মামলা হয়েছে।
গতকাল রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের তথ্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, বাদশার সঙ্গে গ্রেপ্তার হওয়া সবাই জাল নোট তৈরির সিন্ডিকেটের সদস্য। তাঁদের মধ্যে আবদুল জলিল রংপুরে, জয়নাল খন্দকার খুলনায়, বায়েজিদ ময়মনসিংহে, মহসিন ঢাকা ও আশপাশের জেলা এবং সোহাগ ফরিদপুর এলাকায় জাল নোট বাজারে ছাড়েন। এই দলে সরবরাহকারী হিসেবে মাহবুব মোল্লা, সেলিম মিয়া, হানিফ গাজী, জামান, ইমন ও রাজু নামের বেশ কয়েকজন সদস্য পলাতক রয়েছেন। ব্রিফিংয়ে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা মিয়া ডিবিকে বলেছেন, তিনটি ধাপে জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়া হয়। চার হাজার থেকে আট হাজার টাকার বিনিময়ে এক লাখ টাকার জাল নোট পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করেন। এরপর খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি হয় ২৫ হাজার টাকায়। হাতবদল হয়ে খুচরা বাজার থেকে বিভিন্ন দল ৪০ হাজার টাকার বিনিময়ে এক লাখ টাকার জাল নোট কিনে বাজারে ছড়িয়ে দেয়।
মনিরুল ইসলাম বলেন, বাদশা মিয়ার দলের মতো আরও ১০-১২টি দল জাল নোট তৈরি করে থাকে। সারা বছর ধরে জাল নোট তৈরি করে ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে থাকে তারা। কোরবানির ঈদের সময় লেনদেন বেশি হওয়ার কারণে জাল নোট বাজারজাত করা হয়।