এক শ টাকা চুরির অপবাদে ছাত্রীর মুখ বেঁধে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০০ টাকা চুরির অপবাদ দিয়ে মাদ্রাসার তৃতীয় শ্রেণির (তৃতীয় জামাতের) ছাত্রীর (৮) মুখে গামছা বেঁধে অমানুষিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে মাদ্রাসার আবাসিক হল থেকে গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে তার মা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে জেলার গৌরনদী উপজেলা সদরের খাদিজাতুল কোবরা (রা.) মহিলা কওমি মাদ্রাসার আবাসিক হলে।

ওই ছাত্রীর মা উপজেলার পশ্চিম শাওড়া গ্রামের সৌদিপ্রবাসী মো. কামাল হোসেন ব্যাপারীর স্ত্রী রেনু বেগম জানান, প্রায় সাড়ে তিন বছর আগে তাঁর একমাত্র মেয়ে কামরুন নাহার সুমাইয়াকে ওই মাদ্রাসায় ভর্তি করা হয়। এরপর থেকেই তাকে মাসিক তিন হাজার টাকা চুক্তিতে মাদ্রাসার আবাসিক হলে রাখা হয়। তিনি অভিযোগ করেন, শুক্রবার সকালে মাদ্রাসার এক ছাত্রী গোপনে তাঁকে ফোন করে জানায়, মাদ্রাসার তিন নারী শিক্ষক সুমাইয়াকে রাতে অমানুষিক নির্যাতন করেছেন। খবর পেয়ে তিনি সকাল ১০টার দিকে মাদ্রাসার আবাসিক হল থেকে গুরুতর আহত অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করেন। এ সময় মাদ্রাসার বড় খালামণি (সুপার) তাঁকে জানান, অপর এক ছাত্রীর ১০০ টাকা চুরির ঘটনায় সুমাইয়াকে শাসন করা হয়েছে। তবে কোন ছাত্রীর টাকা চুরি হয়েছে, তা তিনি (সুপার) বলেননি। 

রেনু বেগম আরও অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে ১০০ টাকা চুরির অপবাদ দিয়ে মাদ্রাসার সুপার (বড় খালামণি হিসেবে পরিচিত), মেজো খালামণি ও বাংলা খালামণি সুমাইয়ার মুখে গামছা বেঁধে অমানুষিক নির্যাতন করেন। কান্নাজড়িত কণ্ঠে রেনু বেগম বলেন, বড় খালামণির নির্দেশে মুখে গামছা বাঁধার পর মাদ্রাসার আবাসিক হলের মেজো খালামণি গুনে গুনে তাঁর মেয়েকে ৬০টি ও বাংলা খালামণি ১০০টি বেত্রাঘাত করেছেন। এতে তাঁর মেয়ে গুরুতর অসুস্থ হওয়ার পরও তাকে রাতের খাবার দেওয়া হয়নি। খবর পেয়ে তিনি সকাল ১০টার দিকে মাদ্রাসার আবাসিক হলে উপস্থিত হয়ে গুরুতর অবস্থায় সুমাইয়াকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযোগের ব্যাপারে মাদ্রাসার প্রতিষ্ঠাতা জাহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেকোনো অপরাধ করলে কওমি মাদ্রাসায় শাস্তি দেওয়ার বিধান রয়েছে। এ আইন সারা দেশের কওমি মাদ্রাসাগুলোতে প্রচলিত। তাই টাকা চুরির ঘটনায় সুমাইয়াকে মাদ্রাসার খালামণিরা শাসন করেছেন।

সুমাইয়াকে নির্যাতনকারী ওই তিন শিক্ষকের নাম জানতে চাইলে তিনি বলেন, ‘মাদ্রাসার প্রধান সুপার (বড় খালামণি) আমার স্ত্রী, অন্য দুইজনও আমার নিজস্ব লোক, তাঁদের নাম বলা যাবে না।’

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’