এক শতাংশ জমি নিয়ে দুই সাংসদের বিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল–২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমানের বিরুদ্ধে গতকাল লোহাগড়ার স্থানীয় শ্রমিক লীগের নেতা–কর্মীরা বিক্ষোভ করেন l প্রথম আলো
নড়াইল–২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমানের বিরুদ্ধে গতকাল লোহাগড়ার স্থানীয় শ্রমিক লীগের নেতা–কর্মীরা বিক্ষোভ করেন l প্রথম আলো

নড়াইলের লোহাগড়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে নড়াইল-২ আসনের বর্তমান ও সাবেক দুই সাংসদের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার ঘটনা ঘটেছে।
থানা-পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের সামনে এ ধরনের মহড়ার ঘটনা ঘটলেও কাউকে আটক করা হয়নি। সংঘাত ও সহিংসতা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও থানা-পুলিশ সূত্র জানায়, লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া মৌজায় নড়াইল-২ আসনের সাবেক সাংসদ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস কে আবু বাকের ২০১১ সালে ৯৬ শতক জমি কেনেন। এর মধ্যে মাত্র এক শতক জমি নিয়ে নড়াইল-২ আসনের বর্তমান সাংসদ শেখ হাফিজুর রহমানের সঙ্গে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েক দফা সালিস বৈঠকও হয়েছে। ওই এক শতক জমির মালিকানা দাবি করে এস কে আবু বাকের গত বছরের ২৩ ডিসেম্বর আদালতে একটি মামলা করেন। বিরোধপূর্ণ জমি সম্পর্কে আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে প্রতিবেদন চান এবং ওই জমিতে স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি করেন।
সাংসদ শেখ হাফিজুর রহমান বলেন, ‘এস কে আবু বাকেরসহ তাঁর সমর্থিত লোকজন গতকাল রোববার সকালে আদালতের আদেশ অমান্য করে ওই জমি দখল করার চেষ্টা করেন এবং তাঁরা স্থানীয় শ্রমিক লীগ অফিসে অবস্থান নেন। খবর পেয়ে আমার সমর্থকেরা রামপুরের ৮ নম্বর শ্রমিক লীগ অফিসের সামনে জড়ো হন।’
উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোজাম খান বলেন, বর্তমান সাংসদের ভাই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছৃঙ্খল লোকজন লাঠিসোঁটা নিয়ে শ্রমিক লীগ অফিসের সামনে এসে গালাগালা করেন। এ ঘটনার প্রতিবাদে শ্রমিক লীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা লক্ষ্মীপাশা খেয়াঘাট এলাকা থেকে লাঠিসোঁটা, রাম দা ও ছ্যান নিয়ে একটি মিছিল বের করেন। মিছিল থেকে বর্তমান সাংসদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে পৌঁছালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম রেজা ও লোহাগড়া থানার ওসি বিপব কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি বিপব কুমার সাহা বলেন, ‘সহিংস ঘটনা ঘটার আগেই আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনি।’ তিনি দাবি করেন, ‘আমাদের চোখের সামনে কোনো অস্ত্রের মহড়া ঘটেনি। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’