এক শার্টে লাভ ১২০০ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪০০ টাকার শার্ট ১২০০ টাকা লাভে বিক্রি করা হচ্ছিল ২৬০০ টাকায়। বাচ্চাদের পোশাক, ব্যাগ, কসমেটিকসেও দ্বিগুণ লাভ করা হচ্ছিল। আজ শনিবার বিকেলে খুলনা মহানগরের ডাকবাংলা এলাকায় অভিযানে গিয়ে ‘আবুল ব্রাদার্স’ নামের একটি দোকানে এ চিত্র দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত মুনাফা করায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতিকুল ইসলাম দোকানের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী হাকিম আতিকুল ইসলাম বলেন, অভিযান শুরুর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন শপিং মলের দোকানদারদের সতর্ক করা হয়েছে। কিন্তু অভিযানে দেখা গেছে, অনেক মালিকই প্রকৃত দামের তুলনায় অনেক বেশি দামে পোশাক বিক্রি করে ক্রেতাদের ঠকিয়ে যাচ্ছেন। এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।
এ ছাড়া অন্য অভিযানে নগরের নিউ মার্কেটে অবস্থিত ফ্যাশন হাউস ‘অঞ্জনসে’ ক্রেতার কাছে ভুল কোড দেখিয়ে রসিদের মাধ্যমে ২৩০০ টাকার শাড়ি ৩১০০ টাকা রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. মশিউর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ ছাড়া আদালতের অভিযানে নগরের ডাকবাংলো এলাকায় তিনটি হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের জন্য ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সব অভিযানে খুলনা সিটি করপোরেশনের প্রতিনিধি ও সদর থানা-পুলিশ সহায়তা করেন।