এক শিক্ষককে অব্যাহতি আরেকজনকে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘনসহ কয়েকটি অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যৌন নিপীড়নের অভিযোগে আরেক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল শনিবার সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন দাবিতে বিগত কয়েক মাসে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনবার বিভাগে তালা ঝুলিয়ে দেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দ। সর্বশেষ ৫ মার্চ বিভাগে তালা ঝোলান তিনি। এ ঘটনায় বিভাগের পাঁচজন শিক্ষক, পাঁচজন শিক্ষার্থী ও তিনজন কর্মচারী তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ৫ মার্চ এক জরুরি সিন্ডিকেট সভায় ঘটনা তদন্তে প্রাথমিক কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ওই কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ১৮ মার্চ উপাচার্যকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মোহাম্মদ আলী আকন্দকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
যৌন নিপীড়নের অভিযোগে গঠিত প্রাথমিক তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক এ কে এম আনিসুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।