আচরণবিধি লঙ্ঘনসহ বেশ কয়েকটি অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আরেক শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিন্ডিকেট সদস্য নূরুল হক।
ওই দুই শিক্ষক হলেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দ ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক এ কে এম আনিসুজ্জামান।
সিন্ডিকেট সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভিন্ন দাবিতে বিগত কয়েক মাসে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ তিনবার বিভাগে তালা ঝুলিয়ে দেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দ। সর্বশেষ গত ৫ মার্চ বিভাগে তালা ঝোলান তিনি। এ ঘটনার পর বিভাগের পাঁচজন শিক্ষক, পাঁচজন শিক্ষার্থী এবং তিনজন কর্মচারী তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেই এক জরুরি সিন্ডিকেট সভায় তাঁর বিরুদ্ধে পাঁচ সদস্যবিশিষ্ট প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ মার্চ উপাচার্যকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট নতুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আজ তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে যৌন নিপীড়নের অভিযোগে গঠিত প্রাথমিক তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষক এ কে এম আনিসুজ্জামানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অধিকতর তদন্তের জন্য উপাচার্যকে প্রধান করে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।