এক শিক্ষকের এইচএসসি পাসের তিন সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের এইচএসসি পাসের তিনটি সনদ আছে। এলাকাবাসীর কাছ থেকে এই অভিযোগ পেয়ে তদন্ত করার পর এই সনদের সন্ধান পেয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে উপজেলার সরিষারচর-নতুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগমের বিরুদ্ধে এইচএসসির সনদ জালিয়াতির অভিযোগ দেন এলাকাবাসী। এতে উল্লেখ করা হয়, কয়েক বছর আগে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম এইচএসসি পরীক্ষার জাল সনদ দিয়ে প্রধান শিক্ষকের পদে পদোন্নতি পান। পরে ওই অভিযোগের তদন্ত করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নওশাদ মাহমুদ। ওই তদন্ত প্রতিবেদন ২৩ নভেম্বর ইউএনওর কাছে পাঠানো হয়। ২৪ নভেম্বর ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে সনদের বিষয়ে অধিকতর যাচাই-বাছাই করতে একটি চিঠি দেন ইউএনও।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেলোয়ারা বেগমের কাছে তাঁর এইচএসসি পরীক্ষার সনদ ভুয়া, এ-সংক্রান্ত অভিযোগের জবাব চাওয়ার পর তিনি (দেলোয়ারা বেগম) এইচএসসি পাসের তিন ধরনের সনদ উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এসব সনদে সিরিয়াল নম্বর, রেজাল্ট প্রকাশের ভিন্ন ভিন্ন তারিখ, বোর্ডের ডেপুটি কন্ট্রোলারের ভিন্ন ভিন্ন স্বাক্ষর, ভিন্ন ভিন্ন বিভাগ এবং জিপিএর ভিন্নতা পরিলক্ষিত হয়। দাখিল করা এসব সনদ যাচাই-বাছাই করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হলো।
প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম মুঠোফোনে বলেন, ‘আমার চাকরির শুরুতেই একটি পক্ষ আমার বিরুদ্ধে কাজ করছে। তারাই ভিন্ন ভিন্ন সনদপত্র আমার নামে অফিসে জমা দিয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা নওশাদ মাহমুদ বলেন, অভিযোগ পেয়ে প্রধান শিক্ষক দেলোয়ারা বেগমের কাছে জবাব চাওয়া হলে তিনি এইচএসসি পাসের তিন ধরনের সনদ দাখিল করেন। একজন শিক্ষকের তিন ধরনের সনদ থাকতে পারে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এসব সনদ পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক বলেন, ‘শিক্ষিকার সনদ যাচাই করতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে লিখেছি, আশা করছি এক মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রতিবেদন পাওয়া যাবে। প্রতিবেদনের আলোকে ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।’