এক শিক্ষার্থী আটক ও বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রধান নিয়াজ আহমেদকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক ও বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ওই শিক্ষকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় নিয়াজ আহমেদকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় ও ঘাড়ে অস্ত্রোপচার করা হয়েছে।

নিয়াজ আহমেদের ওপর হামলা চালানো শিক্ষার্থীর নাম ওয়েছ আহমেদ। তিনি সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর শ্রেণির ছাত্র।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে নিয়াজ আহমেদ নিজ কার্যালয়ে যান। সোয়া ১০টার দিকে ছাত্র ওয়েছ তাঁর কার্যালয়ে প্রবেশ করে অতর্কিতে এ হামলা চালান।

ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক জানে আলম প্রথম আলোকে বলেন, ‘হামলায় নিয়াজ আহমেদের মাথা, ঘাড় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। মাথা, ঘাড় ও কানে অন্তত ২৫টি সেলাই দিতে হয়েছে। এখনো তিনি আশঙ্কামুক্ত নন। আমরা তাঁকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছি।’

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. সালেহ উদ্দিন, বর্তমান উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়াসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে দেখতে হাসপাতালে যান।

হামলাকারী শিক্ষার্থী আটক ও আজীবন বহিষ্কার
হামলা করে পালানোর সময় ওয়েছকে আটক করে মারধর করেন শিক্ষার্থীরা। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ তাঁকে আটক দেখিয়ে হাসপাতালে চিকিত্সার ব্যবস্থা করেছে।

প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া বলেন, হামলাকারী ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্তে বহিষ্কার করা হয়েছে কি না—জানতে চাইলে উপাচার্য বলেন, নির্বাহী আদেশে তাঁকে আজীবন বহিষ্কার করা হয়েছে।

উপাচার্য ভবনে তালা
হামলার পর বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে এ ঘটনার বিচারের দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেন শিক্ষার্থীরা। পরে হামলাকারীকে ক্যাম্পাস থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হলে শিক্ষার্থীরা ধর্মঘট স্থগিত করেন।